X অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য Google Play Store-এ তাদের অ্যাপের নতুন সংস্করণ প্রকাশ করেছে। কোম্পানির মতে, অ্যাপটি সম্পূর্ণ নতুনভাবে তৈরি করা হয়েছে, যার ফলে গতি, স্থিতিশীলতা এবং ব্যবহারকারীর অভিজ্ঞতায় উন্নতি হয়েছে। নতুন আপডেটে একাধিক ডিজাইন পরিবর্তন আনা হয়েছে এবং ভবিষ্যতের আপডেট দ্রুত সরবরাহের জন্য নতুন প্রযুক্তিগত ভিত্তি যুক্ত করা হয়েছে।
X-এর হেড অব প্রোডাক্ট নিকিতা বিয়ার জানান, কোম্পানি অ্যান্ড্রয়েড অ্যাপটি সম্পূর্ণ নতুনভাবে পুনর্নির্মাণ করেছে। তাঁর মতে, এটি কোম্পানির অন্যতম বৃহৎ ইঞ্জিনিয়ারিং প্রকল্প। নতুন অ্যাপটি আগের তুলনায় আরও দ্রুত, মসৃণ এবং নির্ভরযোগ্যভাবে কাজ করবে। পাশাপাশি, নতুন প্রযুক্তিগত ভিত্তি ভবিষ্যতে নতুন ফিচার দ্রুত রোলআউট করতেও সহায়তা করবে। কোম্পির দাবি, পুরো প্রকল্পটি সম্পন্ন করতে এক বছরেরও বেশি সময় লেগেছে।
নতুন আপডেটে উন্নত স্ক্রলিং, দ্রুত লোডিং স্পিড এবং আরও নির্ভরযোগ্য নোটিফিকেশন সিস্টেম যুক্ত করা হয়েছে। ব্যবহারকারীদের জন্য নেভিগেশন সহজ করতে অ্যাপের ইন্টারফেসেও পরিবর্তন আনা হয়েছে। নিচের অংশে নতুন Bottom Navigation Dock যুক্ত করা হয়েছে, যা iOS অ্যাপের অভিজ্ঞতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এছাড়া, নিচের ডান কোণে X Chat-এর জন্য একটি পৃথক বোতাম যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে চ্যাটে পৌঁছানো আরও সহজ হয়েছে।
![]()
কোম্পানির মতে, এই পরিবর্তনগুলির ফলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা আগের তুলনায় আরও মসৃণ এবং দ্রুত অভিজ্ঞতা পাবেন, বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে নিয়মিত অ্যাপটি ব্যবহার করেন।
নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাদের পছন্দের বিষয় সহজেই পিন করতে পারবেন। ফুটবল, শেয়ার বাজার, রাজনীতি, স্পোর্টস এবং অন্যান্য আগ্রহের বিষয়গুলো উপরে যুক্ত করে পৃথক কাস্টম টাইমলাইন তৈরি করা যাবে। তবে For You এবং Following টাইমলাইন আগের মতোই উপলব্ধ থাকবে, যাতে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী কনটেন্ট দেখতে পারেন।
কোম্পানি জানিয়েছে, নতুন অ্যাপটির উন্নয়ন প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে। ব্যবহারকারীদের ফিডব্যাক এবং বাগ রিপোর্ট শেয়ার করার আহ্বান জানানো হয়েছে, যাতে ত্রুটিগুলি দ্রুত সমাধান করা যায়। আগামী আপডেটগুলিতে পুরোনো অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য উন্নত অপ্টিমাইজেশন, Spaces হোস্ট করার সুবিধা, ভিডিও প্লেব্যাকের উন্নতি এবং ইন-অ্যাপ ভিডিও এডিটর যুক্ত করা হবে। একই সঙ্গে CashTag এবং Custom Timeline-সহ একাধিক ফিচার ইতোমধ্যেই নতুন সংস্করণে উপলব্ধ করা হয়েছে।









