‘আপনার ব্যবহারে যেন মমতাকে দেখে মানুষ’—দলীয় কর্মীদের ঔদ্ধত্য বর্জনের কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

২০২৬ বিধানসভা ভোটের আগে ভারচুয়াল বৈঠকে তৃণমূল কর্মীদের মানবিক আচরণ ও ঔদ্ধত্য বর্জনের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

আর বছর শেষ হতে হাতে গোনা কয়েকটা দিন। উৎসবের আবহের মাঝেই রাজনৈতিক প্রস্তুতিতে গতি আনতে চাইছে তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালের বিধানসভা ভোটকে সামনে রেখে শুক্রবার প্রায় দেড় হাজার দলীয় নেতা-কর্মীকে নিয়ে ভারচুয়াল বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠক থেকেই কর্মীদের উদ্দেশে স্পষ্ট বার্তা—জনসংযোগে ভদ্রতা ও নম্রতাই দলের সবচেয়ে বড় শক্তি।

জনসংযোগে ‘ঔদ্ধত্য নয়’, আচরণেই দলের পরিচয়

ভারচুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষের সঙ্গে কথা বলার সময় কোনও অহংকার বা ঔদ্ধত্য চলবে না। তাঁর কথায়,“মানুষের ব্যবহারই মানুষের পরিচয়। আপনার আচরণে যেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই ও সংগ্রামকে দেখতে পায়।”

২০২৬-এর ভোটকে সামনে রেখে জোড়া কর্মসূচি

আগামী বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে তৃণমূল নেতৃত্ব ইতিমধ্যেই জোড়া কর্মসূচির রূপরেখা তৈরি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত ‘উন্নয়নের পাঁচালি’র পাশাপাশি চলবে অভিষেকের ‘উন্নয়নের সংলাপ’। এই দুই কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ মানুষের কাছে তুলে ধরার কৌশল নেওয়া হয়েছে।

রাজনৈতিক পরিচয় ভুলে মানুষের কাছে যাওয়ার নির্দেশ

দলীয় কর্মীদের উদ্দেশে অভিষেকের স্পষ্ট নির্দেশ, জনসংযোগের সময় মানুষের রাজনৈতিক পরিচয় মাথা থেকে সরিয়ে রাখতে হবে। তিনি বলেন,“কেন্দ্রের কাছে রাজ্যের প্রায় দু’লক্ষ কোটি টাকা পাওনা। সেই টাকা না পেয়েও লক্ষ্মীর ভাণ্ডার, রাস্তা, আবাস—সবই করেছি। উন্নয়নের গতি থামেনি।”

নতুন বছরেই শুরু ‘বাংলার সমর্থনের সংযোগ’

আগামী ১ জানুয়ারি থেকেই শুরু হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি ‘বাংলার সমর্থনের সংযোগ’। রাজ্যজুড়ে প্রায় ১৮০০ জন ইনফ্লুয়েন্সার চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ২০০ জনের কাছে যাবেন মন্ত্রী ও সাংসদরা, বাকিদের সঙ্গে যোগাযোগ করবেন বিধায়ক ও জেলা নেতৃত্ব।

৩৮টি টিম, নির্দিষ্ট সময়সীমা

এই কর্মসূচির জন্য রাজ্যজুড়ে ৩৮টি আলাদা টিম গঠন করা হয়েছে। প্রতিটি টিমে থাকবেন সাংসদ, মন্ত্রী ও বিধায়করা। এক মাসের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি জনসংযোগ কতটা কার্যকর হচ্ছে, তা নজরদারির জন্য জেলা ভিত্তিক কো-অর্ডিনেটরও নিয়োগ করা হবে।

২০২৬ সালের বিধানসভা ভোটকে সামনে রেখে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ভারচুয়াল বৈঠকে বসে জনসংযোগে মানবিক আচরণের উপর জোর দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট নির্দেশ—মানুষের সঙ্গে কথা বলার সময় কোনও ঔদ্ধত্য নয়, আচরণেই ফুটে উঠুক মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রাম।

 

Leave a comment