Asol Gur–Nokol Gur: শীত পড়তেই পিঠেপুলি, পায়েস আর সন্দেশে নলেন গুড়ের মাখোমাখো স্বাদ খোঁজেন বাঙালি। বিশেষ করে নদিয়ার নলেন গুড়ের সুখ্যাতি দেশ-বিদেশে। কিন্তু সেই জনপ্রিয়তার সুযোগ নিয়ে বাজারে বাড়ছে ভেজাল গুড়ের রমরমা। বেশি দাম দিয়েও যেন ঠকতে না হয়—চোখে দেখেই কীভাবে চিনবেন আসল নলেন গুড়, রইল তার বিস্তারিত।
নদিয়ার নলেন গুড় কেন এত বিখ্যাত?
নদিয়া জেলা বহু বছর ধরেই নলেন গুড় উৎপাদনের জন্য পরিচিত। শীতকালে মাজদিয়ার মতো এলাকায় বসে নলেন গুড়ের বিশেষ হাট। এখান থেকেই রাজ্যের নানা প্রান্ত তো বটেই, বাইরে পর্যন্ত রফতানি হয় এই ঐতিহ্যবাহী গুড়।
![]()
ভেজালের অভিযোগ বাড়ছে কেন?
সম্প্রতি বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠছে, খাঁটি নলেন গুড়ে চিনি ও অন্যান্য উপাদান মিশিয়ে ওজন বাড়ানো হচ্ছে। এতে একদিকে স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, অন্যদিকে নলেন গুড়ের আসল স্বাদ ও গুণমান নষ্ট হয়ে যাচ্ছে।
দাম বাড়ায় বাড়ছে ভেজালের চাহিদা
খাঁটি নলেন গুড়ের দাম প্রতিবছরই ঊর্ধ্বমুখী। অনেক সাধারণ ক্রেতার দাবি, আসল গুড় এখন তাদের নাগালের বাইরে। ফলে বাধ্য হয়ে বা জেনেশুনেই অনেকে তুলনামূলক সস্তা ভেজাল নলেন গুড় কিনছেন।
![]()
আসল নলেন গুড় চিনবেন যেভাবে
গুড় সম্পূর্ণ মসৃণ হবে, কোনও দানাদার ভাব থাকবে না
দেখতে হবে সর্ষের তেলের মতো, তবে রং হবে গাঢ় কালচে লাল
সহজে জমাট বাঁধবে না
স্বাদে থাকবে স্বাভাবিক মোলায়েম মিষ্টতা, অতিরিক্ত চিনির ঝাঁজ নয়
![]()
ভেজাল নলেন গুড়ের লক্ষণ
গুড় পুরোপুরি তরল থাকবে না
চিনি মেশানো থাকায় দানা দানা ভাব থাকবে
মুখে দিলে চিনির দানার অনুভূতি পাওয়া যাবে
ওজনে তুলনামূলক বেশি ভারী হবে
রং হবে ফ্যাকাসে লাল, কালচে লাল নয়
শীত এলেই বাঙালির রান্নাঘরে নলেন গুড়ের চাহিদা তুঙ্গে। তবে বাড়তি দামের সুযোগে বাজারে ছড়াচ্ছে ভেজাল নলেন গুড়। আসল ও নকল নলেন গুড় কীভাবে আলাদা করবেন, জানুন সহজ উপায়ে।













