অনেক চেষ্টা করেও কি জীবনের সমস্যা পিছু ছাড়ছে না? বিশেষ করে অর্থকষ্ট, ঋণের বোঝা বা বিয়েতে বাধা—সব মিলিয়ে ভাগ্য যেন উল্টো পথে হাঁটছে। শাস্ত্র বলছে, ঘরের সাধারণ গমের আটা দিয়েই তৈরি হতে পারে এমন এক প্রদীপ, যা জীবনের বহু জট খুলে দিতে পারে। তবে তার জন্য জানতে হবে সঠিক নিয়ম ও পদ্ধতি।
আটা দিয়ে প্রদীপ কেন এত শুভ?
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গমের মধ্যে মা অন্নপূর্ণার আশীর্বাদ বিরাজ করে। সেই কারণে আটা দিয়ে তৈরি প্রদীপকে অত্যন্ত শুভ মনে করা হয়। নিয়ম মেনে এই প্রদীপ জ্বালালে সংসারে শান্তি, আর্থিক স্থিতি ও সৌভাগ্য বৃদ্ধি পায় বলে বিশ্বাস।
মনের ইচ্ছে পূরণ করতে
যদি দীর্ঘদিনের কোনও মনস্কামনা অপূর্ণ থাকে, তবে গমের আটায় জল মিশিয়ে মণ্ড তৈরি করে পাঁচটি প্রদীপ বানাতে হবে। টানা পাঁচ মঙ্গলবার পঞ্চমুখী হনুমানের মন্দিরে গিয়ে এই প্রদীপ জ্বালালে ইচ্ছাপূরণ হয় বলে শাস্ত্রের ব্যাখ্যা।
গ্রহদোষ ও গ্রহ শান্তির উপায়
কুষ্ঠিতে গ্রহদোষ থাকলে তা দূর করতে প্রতি মঙ্গলবার ও শনিবার হনুমান মন্দিরে আটা দিয়ে তৈরি প্রদীপ জ্বালানো শুভ। বিশেষ করে মঙ্গল গ্রহ শান্ত করতে এই প্রদীপে চামেলির তেল ব্যবহার করার কথা বলা হয়েছে।
অর্থকষ্ট দূর করার টোটকা
দীর্ঘদিন আর্থিক টানাপোড়েনে ভুগলে আটার সঙ্গে সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে প্রদীপ তৈরি করতে হবে। প্রতিদিন দু’বার সর্ষের তেল দিয়ে এই প্রদীপ জ্বালালে নতুন আয়ের পথ খুলতে পারে বলে বিশ্বাস।
বিয়েতে বাধা কাটাতে
বিয়ে নিয়ে বারবার সমস্যা দেখা দিলে হলুদ মেশানো আটার প্রদীপ ঘি দিয়ে জ্বালাতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় হল—ঘি শেষ না হওয়া পর্যন্ত প্রদীপটি জ্বলতে দিতে হবে। শাস্ত্র মতে এতে বিয়ের সমস্ত বাধা দূর হয়।
ঋণমুক্তির সহজ উপায়
ঋণের বোঝায় নাজেহাল হলে প্রতিদিন তুলসী মঞ্চে আটা দিয়ে প্রদীপ জ্বালানোর বিধান রয়েছে। নিষ্ঠাভরে এই নিয়ম পালন করলে ধীরে ধীরে ঋণমুক্তির পথ তৈরি হয় বলে বিশ্বাস।
অর্থাভাব, কাজের বাধা কিংবা দাম্পত্য সমস্যায় ভুগছেন? শাস্ত্র মতে গমের আটা দিয়ে তৈরি প্রদীপ জ্বালালে সৌভাগ্য, আর্থিক সমৃদ্ধি ও গ্রহ শান্তি লাভ সম্ভব। তবে এই প্রদীপ জ্বালানোর নির্দিষ্ট নিয়ম রয়েছে। জেনে নিন কোন সমস্যায় কীভাবে আটা দিয়ে প্রদীপ জ্বালাবেন।













