কলকাতা: ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের আবহে এবার গভীর সংকটে বাংলাদেশ ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়দের মধ্যে প্রকাশ্য সংঘর্ষে অচল হয়ে পড়েছে দেশের ক্রিকেট কাঠামো। বোর্ড পরিচালকের বিতর্কিত মন্তব্যের জেরে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (CWAB) সরাসরি লড়াইয়ের পথে হেঁটে বিপিএল-সহ সমস্ত ক্রিকেট বয়কটের ঘোষণা করেছে।

বোর্ড-কর্তার মন্তব্যে আগুনে ঘি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এম. নাজমুল ইসলামের একটি প্রকাশ্য মন্তব্য থেকেই শুরু হয় এই বিতর্ক। আন্তর্জাতিক মঞ্চে পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলে তিনি ক্রিকেটারদের বেতন ও বোর্ডের আর্থিক বিনিয়োগ নিয়েও কটাক্ষ করেন। তাঁর বক্তব্যে ক্রিকেটারদের অপমান করা হয়েছে বলে অভিযোগ ওঠে, যা মুহূর্তের মধ্যে ক্ষোভে পরিণত হয়।

ক্রিকেটারদের পাল্টা অস্ত্র—বয়কট
নাজমুল ইসলামের পদত্যাগ না হওয়া পর্যন্ত সমস্ত ধরনের ক্রিকেট কার্যক্রম বয়কটের ডাক দেয় CWAB। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকা প্রিমিয়ার লিগ ও বিপিএলে। ১৫ জানুয়ারি চিটাগাং রয়্যালস বনাম নোয়াখালি এক্সপ্রেসের ম্যাচ নির্ধারিত থাকলেও দুই দলই মাঠে না পৌঁছনোয় টস পর্যন্ত করা যায়নি।

বোর্ডের নোটিশ, কিন্তু অনড় খেলোয়াড়রা
পরিস্থিতি সামাল দিতে বিসিবি সংশ্লিষ্ট পরিচালকের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব চেয়েছে। পাশাপাশি কিছু বোর্ড কর্তা CWAB সভাপতি মহম্মদ মিঠুনের সঙ্গে যোগাযোগ করে নাজমুলকে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরানোর প্রস্তাব দেন। কিন্তু মিঠুন স্পষ্ট জানিয়ে দেন—পদত্যাগ না হওয়া পর্যন্ত বয়কট চলবে।
রাজনীতি, আইপিএল ও বিশ্বকাপ—বিতর্কের বহর বাড়ছে
এই অশান্তির মধ্যেই প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় এজেন্ট’ বলে মন্তব্য করে আরও বিতর্কে জড়ান নাজমুল ইসলাম। পাশাপাশি মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা নিয়ে বিসিবি ও বিসিসিআই-এর চিঠি চালাচালিও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারত ছাড়া অন্যত্র আয়োজনের ইঙ্গিতও দিয়েছে বিসিবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) ও জাতীয় ক্রিকেটারদের মধ্যে সংঘাত চরম আকার নিয়েছে। বোর্ড কর্তাদের আপত্তিকর মন্তব্য ও প্রশাসনিক সিদ্ধান্তের প্রতিবাদে ক্রিকেটাররা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL) সহ সমস্ত ঘরোয়া ক্রিকেট বয়কটের ডাক দিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে বোর্ড শোকজ নোটিশ জারি করলেও আন্দোলন প্রত্যাহারে রাজি নন ক্রিকেটাররা।













