ব্যস্ত জীবনে মাথাব্যথা এখন অনেকেরই নিত্যসঙ্গী। কখনও স্ট্রেস, কখনও মাইগ্রেন, আবার কখনও ঘুমের অভাবে এই সমস্যা দেখা দেয়। কিন্তু যদি মাথাব্যথা বারবার ফিরে আসে, ধীরে ধীরে তীব্র হয় এবং বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর বেশি অনুভূত হয়, তাহলে তা গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। কারণ কিছু ক্ষেত্রে এটি ব্রেন টিউমারের মতো গুরুতর রোগেরও ইঙ্গিত হতে পারে।
কখন মাথাব্যথা উদ্বেগের কারণ হতে পারে?
সাধারণ মাথাব্যথা বিশ্রাম বা প্রয়োজনীয় চিকিৎসায় কমে যায়। কিন্তু যদি—
ঘন ঘন মাথাব্যথা হয়
ব্যথার তীব্রতা সময়ের সঙ্গে বাড়তে থাকে
সকালে ঘুম থেকে উঠেই মাথায় তীব্র যন্ত্রণা অনুভূত হয়
ব্যথা সহজে কমতে না চায়
তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ব্রেন টিউমারের সম্ভাব্য লক্ষণ কী কী?
বিশেষজ্ঞদের মতে, মাথাব্যথার পাশাপাশি আরও কিছু উপসর্গ দেখা দিতে পারে।
চোখে ঝাপসা দেখা, ডাবল ভিশন বা দৃষ্টিশক্তি কমে যাওয়া দীর্ঘদিনের মাথাব্যথার সঙ্গে থাকলে পরীক্ষা করানো উচিত।
ঠাৎ খিঁচুনি
আগে কখনও খিঁচুনি না হলেও আচমকা খিঁচুনি হওয়া ব্রেনের সমস্যার ইঙ্গিত হতে পারে।
বমি বমি ভাব
মাথাব্যথার সঙ্গে বারবার বমি বমি ভাব বা বমি হওয়া গুরুত্ব দিয়ে দেখা দরকার, বিশেষ করে যদি অন্য কোনও কারণ না থাকে।
শরীরের এক পাশ দুর্বল হয়ে যাওয়া
হাত-পায়ে শক্তি কমে যাওয়া, হাঁটতে ভারসাম্য হারানো বা কোনও জিনিস শক্ত করে ধরতে অসুবিধা হলে অবহেলা করবেন না।
কথা বলা বা গিলতে সমস্যা
হঠাৎ কথা জড়িয়ে যাওয়া, চিন্তা প্রকাশে অসুবিধা বা খাবার গিলতে সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।
অতিরিক্ত ঘুম ও ক্লান্তি
সারাদিন ঘুম ঘুম ভাব, অস্বাভাবিক ক্লান্তি, মনোযোগ কমে যাওয়া বা গন্ধের অনুভূতি হারিয়েও ব্রেনের সমস্যা ধরা পড়তে পারে।
মাথাব্যথা মানেই কি ব্রেন টিউমার?
না। অধিকাংশ ক্ষেত্রেই মাথাব্যথার কারণ হয় মাইগ্রেন, টেনশন হেডেক, সাইনাসের সমস্যা, ঘুমের অভাব বা অন্যান্য সাধারণ কারণ। তাই শুধু মাথাব্যথা থাকলেই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। তবে মাথাব্যথার ধরনে পরিবর্তন এলে বা এর সঙ্গে স্নায়বিক উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
কখন দ্রুত হাসপাতালে যাবেন?
নিচের উপসর্গগুলির কোনওটি দেখা দিলে দেরি না করে জরুরি চিকিৎসা নিন—
হঠাৎ জীবনের সবচেয়ে তীব্র মাথাব্যথা
খিঁচুনি
অজ্ঞান হয়ে যাওয়া
শরীরের এক পাশ অবশ বা দুর্বল হয়ে যাওয়া
কথা বলতে বা বুঝতে অসুবিধা
দৃষ্টিশক্তি হঠাৎ কমে যাওয়া
মাথাব্যথা মানেই যে ব্রেন টিউমার, এমন নয়। তবে দীর্ঘদিন ধরে বাড়তে থাকা মাথাব্যথা, বিশেষ করে ঘুম থেকে ওঠার পর তীব্র যন্ত্রণা, সঙ্গে ঝাপসা দেখা, খিঁচুনি বা শরীরের একপাশ দুর্বল হয়ে যাওয়ার মতো উপসর্গ থাকলে অবহেলা করা উচিত নয়। বিশেষজ্ঞদের মতে, সময়মতো পরীক্ষা করালে রোগ দ্রুত শনাক্ত করা সম্ভব।













