গ্রীষ্মের শুরুতেই বাড়ছে তাপমাত্রা। এই সময় ঘরে স্বস্তি পেতে বেশিরভাগ মানুষই সিলিং ফ্যানের উপর নির্ভর করেন। কিন্তু অনেক সময় দেখা যায়, ফ্যান ঘুরলেও তার হাওয়া ঠিকমতো গায়ে লাগে না। দীর্ঘদিন ব্যবহারের কারণে ফ্যানের গতি কমে যাওয়াই এর প্রধান কারণ। তবে কিছু সহজ টিপস মেনে চললে আবার নতুনের মতো স্পিড ফিরে পেতে পারে ফ্যান।
কেন কমে যায় ফ্যানের গতি
দীর্ঘদিন একটানা ব্যবহারের ফলে সিলিং ফ্যানের বিভিন্ন অংশে সমস্যা তৈরি হতে পারে। অনেক সময় বিদ্যুৎ সরবরাহের ওঠানামা বা অতিরিক্ত ট্রিপ করার কারণে ফ্যানের গতি কমে যায়। এতে ফ্যান ঘুরলেও যথেষ্ট হাওয়া পাওয়া যায় না, ফলে গরমের অস্বস্তি আরও বেড়ে যায়।
ক্যাপাসিটর বদলালেই মিলতে পারে সমাধান
ফ্যানের গতি কমে যাওয়ার অন্যতম বড় কারণ হল ক্যাপাসিটর পুরনো হয়ে যাওয়া। ফ্যানে লাগানো ক্যাপাসিটরই মূলত মোটরের গতি ঠিক রাখে। এটি নষ্ট বা দুর্বল হয়ে গেলে ফ্যানের স্পিড কমে যায়। তাই ক্যাপাসিটর বদলে নিলেই অনেক সময় ফ্যান আবার আগের মতো দ্রুত ঘুরতে শুরু করে।
ব্লেড নোংরা হলে কমে যায় হাওয়া
ফ্যানের ব্লেডে ধুলো জমলেও তার গতি এবং হাওয়া অনেকটাই কমে যায়। বিশেষ করে শীতকালে দীর্ঘদিন ফ্যান ব্যবহার না করলে ব্লেডে ধুলো জমে থাকে। তাই গরম পড়ার আগে ব্লেড পরিষ্কার করা জরুরি। এতে ফ্যানের ঘূর্ণন এবং বাতাসের প্রবাহ দুইই বাড়ে।
নাট-বোল্ট ঢিলা থাকলেও সমস্যা
ফ্যানের নাট-বোল্ট ঢিলা হয়ে গেলে ঘূর্ণনের সময় ভারসাম্য নষ্ট হয়। ফলে ফ্যান ঠিকমতো ঘুরতে পারে না এবং স্পিড কমে যায়। তাই মাঝেমধ্যে ফ্যান পরীক্ষা করে ঢিলা অংশগুলো ঠিক করে নেওয়া দরকার।
নিয়মিত সার্ভিসিং জরুরি
ফ্যান দীর্ঘদিন ভালোভাবে চালাতে চাইলে নিয়মিত সার্ভিস করানো দরকার। মোটরে গ্রিজ লাগানো, তার পরীক্ষা করা এবং প্রয়োজন হলে তার বদলানো— এই কাজগুলো করলে ফ্যান অনেকদিন নতুনের মতো চলতে পারে।
কোথায় ফ্যান লাগাচ্ছেন সেটাও গুরুত্বপূর্ণ
খোলা জায়গা বা যেখানে বাতাস চলাচল বেশি, সেখানে ফ্যান লাগালে তার গতি কমে যেতে পারে। পাশাপাশি ধুলোবালি বেশি জমে যাওয়ার কারণেও ফ্যানের কার্যক্ষমতা কমে যায়। তাই সঠিক জায়গায় ফ্যান লাগানো এবং পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গরমের দিনে সিলিং ফ্যান ঠিকমতো না ঘুরলে সমস্যায় পড়তে হয় অনেককেই। বিশেষ করে যাদের বাড়িতে এসি নেই, তাদের ভরসা ফ্যানই। তবে কয়েকটি সহজ উপায় মেনে চললে ধীরগতির ফ্যানও আবার ফুল স্পিডে ঘুরতে পারে।









