তামার পাত্রে জল পান করার অভ্যাস বহু পুরনো। আয়ুর্বেদ থেকে শুরু করে আধুনিক স্বাস্থ্যচর্চাতেও এই অভ্যাসের কথা শোনা যায়। তবে সত্যিই কি এতে শরীরের উপকার হয়, নাকি এটি শুধুই প্রচলিত ধারণা? পুষ্টিবিদদের মতে, তামার পাত্রে রাখা জল কিছু ক্ষেত্রে উপকারী হলেও সঠিক নিয়ম মেনে পান করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
শরীরের জন্য কেন গুরুত্বপূর্ণ তামা?
তামা (Copper) শরীরের জন্য একটি অপরিহার্য ট্রেস মিনারেল। এটি বিভিন্ন এনজাইমের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে এবং কোষে শক্তি উৎপাদনের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি শরীরে আয়রনের সঠিক ব্যবহার নিশ্চিত করে এবং লোহিত রক্তকণিকা তৈরিতেও সহায়তা করে।
রোগ প্রতিরোধ ক্ষমতায়ও থাকতে পারে ভূমিকা
বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত তামা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিক রাখতে সাহায্য করে। তামার কিছু প্রাকৃতিক অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যও রয়েছে, যা নির্দিষ্ট কিছু জীবাণুর বৃদ্ধি কমাতে পারে। তবে এটি বিশুদ্ধ পানীয় জলের বিকল্প নয়।
অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে কী উপকার মেলে?
তামা শরীরের কিছু গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিড্যান্ট এনজাইমের অংশ হিসেবে কাজ করে। ফলে কোষকে অক্সিডেটিভ স্ট্রেসের ক্ষতি থেকে রক্ষা করতে সহায়তা করতে পারে। তবে এই উপকারিতা পেতে অতিরিক্ত তামা গ্রহণের কোনও প্রয়োজন নেই।
তামার পাত্রে জল কীভাবে পান করবেন?
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, সাধারণ পানীয় জল তামার পাত্রে ৬ থেকে ৮ ঘণ্টা বা সারা রাত রেখে সকালে ১–২ গ্লাস পান করা যেতে পারে। তবে প্রতিদিন পরিমিত পরিমাণেই জল পান করা উচিত। তামার পাত্র নিয়মিত পরিষ্কার রাখাও জরুরি।
যে পানীয় কখনও তামার পাত্রে রাখবেন না
তামার পাত্রে লেবুর জল, কমলার রস, তেঁতুলের জল, ভিনিগার, দই, লাচ্ছি, ছাছ, সফট ড্রিঙ্কস বা অন্য কোনও অম্লীয় পানীয় রাখা উচিত নয়। এগুলি তামার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে অতিরিক্ত তামার যৌগ তৈরি করতে পারে, যা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।
পুষ্টিবিদের গুরুত্বপূর্ণ পরামর্শ
পুষ্টিবিদ পদ্মারানি সামন্তের মতে, তামার পাত্রে জল পান কোনও রোগের চিকিৎসা নয়। সুস্থ থাকতে সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত জলপান, নিয়মিত শরীরচর্চা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের কোনও বিকল্প নেই। পাশাপাশি শরীরে অতিরিক্ত তামা প্রবেশ না করে, সেদিকেও নজর রাখা জরুরি।
অনেকেই বিশ্বাস করেন, রাতে তামার পাত্রে রাখা জল সকালে পান করলে শরীর ভালো থাকে। তবে এর কিছু বৈজ্ঞানিক ভিত্তি থাকলেও অতিরিক্ত বা ভুলভাবে ব্যবহার করলে ক্ষতির আশঙ্কাও রয়েছে। তামার পাত্রে জল পান নিয়ে বিস্তারিত জানালেন পুষ্টিবিদ।













