চিকেন মানেই বাঙালির পাতে প্রোটিনের সহজ উৎস। কিন্তু প্রশ্ন উঠছে—ব্রয়লার মুরগি খাওয়া কি সত্যিই ক্ষতিকর? নাকি দেশি মুরগিই একমাত্র স্বাস্থ্যকর বিকল্প? এই বিতর্কে স্পষ্ট ব্যাখ্যা দিলেন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট Dr. Palaniyappan Manickam। তাঁর বক্তব্যে উঠে এসেছে বৈজ্ঞানিক তথ্য ও গবেষণার নির্যাস।
ব্রয়লার মুরগি নিয়ে ‘হরমোন’ ভ্রান্তি
বহু মানুষ মনে করেন ব্রয়লার মুরগিকে দ্রুত বড় করতে গ্রোথ হরমোন দেওয়া হয়। চিকিৎসকের মতে, এটি ভুল ধারণা। ভারতে পোলট্রি খামারে গ্রোথ হরমোনের ব্যবহার আইনত নিষিদ্ধ। হাজার হাজার মুরগিকে ইনজেকশন দেওয়া বাস্তবিক ও অর্থনৈতিকভাবে প্রায় অসম্ভব। দ্রুত বৃদ্ধির মূল কারণ উন্নত প্রজনন পদ্ধতি ও নিয়ন্ত্রিত পুষ্টি ব্যবস্থাপনা।
দ্রুত বৃদ্ধির বৈজ্ঞানিক কারণ
‘দ্য ইন্টারন্যাশনাল’ পত্রিকার প্রতিবেদনে জানানো হয়েছে, বহু বছরের সিলেক্টিভ ব্রিডিংয়ের ফলেই ব্রয়লার মুরগি কম সময়ে বড় হয়। উন্নত খাদ্য, তাপমাত্রা নিয়ন্ত্রণ ও রোগ ব্যবস্থাপনার কারণে এই বৃদ্ধি সম্ভব হয়—হরমোন প্রয়োগের কারণে নয়।
দেশি বনাম ব্রয়লার: পুষ্টির পার্থক্য
ব্রয়লার মুরগির মাংস তুলনায় নরম ও বুকের অংশ বেশি। এতে সামান্য বেশি চর্বি থাকতে পারে। অন্যদিকে দেশি মুরগি ধীরে বড় হয়, ফলে মাংস শক্ত, গাঢ় ও স্বাদে তীব্র।
২০২৪ সালে প্রকাশিত International Journal of Veterinary Sciences and Animal Husbandry–এর একটি গবেষণা অনুযায়ী, দেশি মুরগির মাংসে মোট চর্বি ও স্যাচুরেটেড ফ্যাট কিছুটা কম। পাশাপাশি লোহা, জিঙ্ক ও বি-ভিটামিন তুলনামূলক বেশি পাওয়া যায়।
হৃদরোগের ঝুঁকি কি বাড়ে?
চিকিৎসকের বক্তব্য, মুরগির মাংসকে সাধারণত ‘লিন প্রোটিন’ হিসেবে ধরা হয়। একটি সিস্টেম্যাটিক রিভিউ ও মেটা-অ্যানালাইসিসে দেখা গেছে, পরিমিত পোলট্রি গ্রহণ হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়ায় বা কমায় না। অর্থাৎ পরিমাণ ও রান্নার ধরনই এখানে মুখ্য।
তাহলে কোনটা খাবেন?
দেশি মুরগি কোনও ‘সুপারফুড’ নয়, আবার ব্রয়লারও বিষ নয়। হৃদরোগ বা উচ্চ কোলেস্টেরলে আক্রান্তদের ক্ষেত্রে কম চর্বিযুক্ত অংশ বেছে নেওয়া উচিত। ভাজাভুজি এড়িয়ে সেদ্ধ, গ্রিল বা কম তেলে রান্না করাই বেশি স্বাস্থ্যকর।
দেশি মুরগি বেশি পুষ্টিকর নাকি ব্রয়লার চিকেনেই নিরাপদ প্রোটিন? দ্রুত বেড়ে ওঠা ব্রয়লার নিয়ে বহু প্রশ্ন থাকলেও চিকিৎসকের মতে, বাস্তবটা ভিন্ন। পুষ্টিগুণ, চর্বির মাত্রা ও স্বাস্থ্যঝুঁকি—সব দিক খতিয়ে দেখে জানুন কোনটা আপনার জন্য উপযুক্ত।













