শীতে সাইনাসের যন্ত্রণায় নাজেহাল? গাদাগাদা ওষুধ নয়, সহজ ঘরোয়া উপায়েই মিলবে আরাম

শীতে সাইনাসের সমস্যা বেড়ে যাচ্ছে? নাক বন্ধ, মাথাব্যথা থেকে মুক্তি পেতে জেনে নিন বিশেষজ্ঞের পরামর্শে সহজ ঘরোয়া উপায়।

শীত পড়তেই অনেকের নিত্যসঙ্গী হয়ে ওঠে নাক বন্ধ, মাথা ধরা আর কপাল-চোখের যন্ত্রণা। আসলে এই সময় সাইনাসাইটিসের সমস্যা বাড়ে বহুগুণে। বিশেষজ্ঞদের মতে, শুষ্ক আবহাওয়া ও দূষণই এর প্রধান কারণ। তবে প্রতিদিনের জীবনযাত্রায় কিছু ছোট পরিবর্তন আনলেই মিলতে পারে বড় স্বস্তি।

সাইনাস আসলে কী?

সাইনাস হল চোখের চারপাশে, গাল, কপাল ও নাকের পিছনে থাকা ফাঁপা প্রকোষ্ঠ। এই অংশগুলি নাসাপথের সঙ্গে যুক্ত এবং নিঃশ্বাস নেওয়ার সময় বাতাস পরিশ্রুত করা ও আর্দ্রতা বজায় রাখার কাজ করে। সাইনাস থেকে নিঃসৃত মিউকাস শ্বাসনালীকে সুরক্ষা দেয়।

শীতে কেন বাড়ে সাইনাসের সমস্যা?

মুর্শিদাবাদের ইএনটি বিশেষজ্ঞ ডঃ জি সি মান্নার মতে, শীতকালে বাতাসে আর্দ্রতা কমে যায় এবং ধুলোবালির পরিমাণ বেড়ে যায়। এর ফলেই সাইনাসের ভিতরের অংশ ফুলে ওঠে। তখন নাক বন্ধ, মাথাব্যথা, চোখ-কপালে চাপ ও ক্লান্তিভাব দেখা দেয়।

গরম জলের ভাপ—সবচেয়ে কার্যকর উপায়

একটি বড় পাত্রে গরম জল নিয়ে মাথা তোয়ালে দিয়ে ঢেকে ১০–১৫ মিনিট ভাপ নিন। এতে সাইনাসে জমে থাকা মিউকাস পাতলা হয় এবং সহজেই বেরিয়ে আসে। নাক বন্ধভাব ও মাথার চাপ কমে।

জল নেতি—নাক পরিষ্কারের প্রাকৃতিক পদ্ধতি

হালকা গরম জলে সামান্য নুন মিশিয়ে নেতি পটের সাহায্যে নাক পরিষ্কার করলে সাইনাসে জমে থাকা ব্যাকটেরিয়া, ধুলো ও অ্যালার্জেন বেরিয়ে যায়। নিয়মিত জল নেতি করলে নাক বুজে যাওয়া ও মাথাব্যথা অনেকটাই কমে।

শরীর আর্দ্র রাখুন

শীতেও পর্যাপ্ত জল পান করা অত্যন্ত জরুরি। গরম জল, স্যুপ, আদা-চা বা তুলসী চা সাইনাসের শ্লেষ্মা পাতলা রাখতে সাহায্য করে। এতে সাইনাসের উপর চাপ কম পড়ে।

গরম সেঁক ও ঘরের আর্দ্রতা বজায়

নাক, গাল ও কপালে হালকা গরম সেঁক দিলে সাইনাসের ব্লকেজ দ্রুত কমে। পাশাপাশি রুম হিটার ব্যবহার করলে ঘরের বাতাস শুষ্ক হয়ে যায়, তাই হিউমিডিফায়ার ব্যবহার করা উপকারী।

মশলাদার খাবারেও উপকার

খাবারে আদা, রসুন, গোলমরিচ ও পেঁয়াজ ব্যবহার করলে প্রদাহ কমে। এই উপাদানগুলিতে থাকা প্রাকৃতিক অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ সাইনাসের সমস্যা উপশমে সাহায্য করে।

ঘুমের ভঙ্গিও গুরুত্বপূর্ণ

সাইনাসের সমস্যা থাকলে মাথার নিচে অতিরিক্ত বালিশ ব্যবহার করুন। মাথা একটু উঁচুতে থাকলে নাক বন্ধ হওয়ার সম্ভাবনা কমে এবং শ্বাস নিতে সুবিধা হয়।

শীতকালে বাতাস শুষ্ক হয়ে পড়ায় ও ধুলোবালি বাড়ায় সাইনাসের সমস্যা বেড়ে যায়। নাক বন্ধ, মাথাব্যথা, চোখ-কপালের যন্ত্রণা—এই সব উপসর্গে ভোগেন বহু মানুষ। তবে নিয়মিত কয়েকটি সহজ ঘরোয়া পদ্ধতি মেনে চললে ওষুধ ছাড়াই সাইনাসের যন্ত্রণা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

 

Leave a comment