শীতকাল মানেই কড়াইশুঁটির মরসুম। তরকারি থেকে শুরু করে কচুরি, পোলাও কিংবা কোফতা—সবখানেই সবুজ মটরের জুড়ি নেই। কিন্তু শীত শেষ হলেই বাজারে এই সবজি আর সহজে মেলে না। অনেকেই বাধ্য হয়ে হিমায়িত মটরের উপর ভরসা করেন, যার স্বাদ ও পুষ্টি দুই-ই অনেকটা কম। তবে চাইলে ঘরেই সহজ উপায়ে কড়াইশুঁটি সংরক্ষণ করে সারা বছর উপভোগ করা যায়।
কেন বাড়িতে মটর সংরক্ষণ করবেন?
সবুজ মটর শুধু সুস্বাদুই নয়, প্রোটিন, ফাইবার ও ভিটামিনে ভরপুর। বাজারের ফ্রোজেন মটরে অনেক সময় সংরক্ষণজনিত স্বাদহানি হয় এবং দামও তুলনামূলক বেশি। তাই মরসুমে টাটকা মটর কিনে বাড়িতে সংরক্ষণ করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
সেদ্ধ করা নয়, হালকা ব্লাঞ্চিংই আসল কৌশল
প্রথমে খোসা ছাড়ানো সবুজ মটর ভালো করে ধুয়ে নিন। একটি পাত্রে জল ফুটিয়ে তাতে এক চা চামচ লবণ ও এক চা চামচ চিনি যোগ করুন। জল ফুটে উঠলে মটর দিয়ে মাত্র ৪–৫ মিনিট হালকা সেদ্ধ করুন। এতে মটরের রং ও স্বাদ অক্ষুণ্ণ থাকে।
বরফ জলে ডুবিয়ে রং ও পুষ্টি লক করুন
সেদ্ধ করার সঙ্গে সঙ্গেই মটর ছেঁকে নিয়ে বরফ ও ঠান্ডা জলে ভরা পাত্রে দিয়ে দিন। এই ধাপে মটরের রান্না থেমে যায় এবং সবুজ রং বজায় থাকে। কয়েক মিনিট পর মটর তুলে জালের ঝাঁঝরিতে রেখে জল ঝরিয়ে নিন।
সম্পূর্ণ শুকিয়ে এয়ারটাইটে সংরক্ষণ
মটর ভালোভাবে শুকিয়ে নেওয়া অত্যন্ত জরুরি। পরিষ্কার কাপড়ে ছড়িয়ে কিছুক্ষণ রেখে দিন, যাতে কোনও আর্দ্রতা না থাকে। এরপর এয়ারটাইট কন্টেনার বা জিপলক ব্যাগে ভরে ফ্রিজারে রাখুন। চাইলে ছোট ছোট ভাগে প্যাক করাও ভালো।
ব্যবহারের সময় যে বিষয়গুলো মনে রাখবেন
ফ্রিজ থেকে যতটা প্রয়োজন ততটাই বের করুন। বাকি মটর সঙ্গে সঙ্গে আবার শক্ত করে বন্ধ করে রাখুন। বারবার গলানো ও জমালে স্বাদ ও গুণমান নষ্ট হতে পারে।
সবুজ মটরশুঁটি মরশুমি সবজি হলেও সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করলে সারা বছরই ঘরে রাখা সম্ভব। মাত্র কয়েকটি সহজ ধাপ মেনে চললেই বাজারের হিমায়িত মটরের বদলে ঘরোয়া, টাটকা স্বাদের সবুজ মটর ব্যবহার করা যাবে দীর্ঘদিন।













