গ্যাস সিলিন্ডার বুক করার পর মোবাইলে আসা OTP বা DAC কোড এখন অনেকের কাছেই পরিচিত বিষয়। কিন্তু এই কোডই এখন সাইবার প্রতারকদের নতুন অস্ত্র হয়ে উঠেছে। HPCL, Indian Oil Corporation এবং Bharat Petroleum গ্রাহকদের বিশেষ সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, সিলিন্ডার হাতে পাওয়ার আগে কোনওভাবেই DAC শেয়ার করা যাবে না।
কী এই DAC? কেন এত গুরুত্বপূর্ণ?
ডেলিভারি অথেন্টিকেশন কোড বা DAC হল একটি বিশেষ নিরাপত্তা কোড, যা গ্যাস সিলিন্ডার সঠিক গ্রাহকের হাতে পৌঁছেছে কি না তা নিশ্চিত করার জন্য ব্যবহার করা হয়। এখন দেশের অধিকাংশ এলপিজি ডেলিভারিতেই এই ব্যবস্থা বাধ্যতামূলক।সাধারণত সিলিন্ডার বুকিংয়ের পর গ্রাহকের মোবাইলে একটি OTP বা DAC পাঠানো হয়। ডেলিভারি কর্মী বাড়িতে পৌঁছলে সেই কোড মিলিয়ে তবেই ডেলিভারি সম্পূর্ণ হয়।
কীভাবে প্রতারণা হচ্ছে?
সাইবার অপরাধীরা এখন গ্যাস কোম্পানির কর্মী সেজে ফোন করছে। কখনও বলা হচ্ছে KYC আপডেট করতে হবে, কখনও আবার “দ্রুত ডেলিভারি” বা “বুকিং কনফার্ম” করার নাম করে OTP চাইছে।একবার গ্রাহক ভুল করে DAC জানিয়ে দিলেই সেই তথ্য ব্যবহার করে ভুয়ো ডেলিভারি কনফার্মেশন বা ব্যাঙ্ক জালিয়াতির মতো ঘটনা ঘটতে পারে। বিশেষজ্ঞদের মতে, OTP শেয়ার করা মানেই প্রতারকদের হাতে নিজের নিরাপত্তার চাবিকাঠি তুলে দেওয়া।
আসল DAC চিনবেন কীভাবে?
গ্যাস কোম্পানিগুলি জানিয়েছে, অফিসিয়াল মেসেজ সবসময় নির্দিষ্ট Sender ID থেকেই আসে।
HP Gas-এর অফিসিয়াল Sender ID: VM-HPGASc-S
Bharat Gas-এর Sender ID: JX-BPCLIN-T
Indane-এর ক্ষেত্রে: VK-INDANE বা VM-INDANE
এছাড়াও মেসেজে সাধারণত বুকিং তথ্য, সিল পরীক্ষা ও হেল্পলাইন নম্বর উল্লেখ থাকে। সন্দেহজনক নম্বর বা WhatsApp মেসেজ থেকে আসা OTP কখনও বিশ্বাস করা উচিত নয়।
কখন DAC শেয়ার করবেন?
গ্যাস কোম্পানিগুলির স্পষ্ট নির্দেশ—
“সিলিন্ডার নেই তো OTP-ও নেই।”
অর্থাৎ, শুধুমাত্র ডেলিভারি কর্মী বাড়িতে এসে সিলিন্ডার দেওয়ার সময়ই DAC জানাতে হবে। ফোনে, WhatsApp-এ বা কোনও লিঙ্কে কখনও এই কোড শেয়ার করা যাবে না।
কী কী বিষয় মাথায় রাখবেন?
ফোনে কেউ OTP চাইলে সঙ্গে সঙ্গে কল কেটে দিন
সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না
শুধুমাত্র অফিসিয়াল নম্বর ও অ্যাপ ব্যবহার করুন
ডেলিভারির সময় সিল ও ওজন পরীক্ষা করুন
OTP কাউকে ফরোয়ার্ড করবেন না
এলপিজি সিলিন্ডার ডেলিভারির নামে বাড়ছে সাইবার প্রতারণা। গ্যাস কোম্পানিগুলির দাবি, ডেলিভারি অথেন্টিকেশন কোড (DAC) বা OTP ভুল সময়ে শেয়ার করলেই বিপদ। প্রতারকরা ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই কোড হাতিয়ে নিয়ে আর্থিক জালিয়াতি করছে।










