গরম গরম ফুলকো লুচি আর আলুর দম—বাঙালির পছন্দের খাবারের তালিকায় এই জুটির জায়গা আলাদা। কিন্তু লুচি বানাতে গিয়ে অনেক সময় দেখা যায়, সেটি ফুলে ওঠার বদলে তেল শুষে নিয়ে একেবারে তেলতেলে হয়ে গিয়েছে। আবার ভাজার কিছুক্ষণ পরেই চুপসে যায়। তবে ময়দা মাখা থেকে শুরু করে তেলে লুচি ছাড়ার পদ্ধতিতে কয়েকটি ছোট পরিবর্তন আনলেই এই সমস্যা অনেকটাই কমানো সম্ভব।
ময়দায় মেশান সামান্য সুজি
লুচি তৈরির সময় ২ কাপ ময়দার সঙ্গে ২ টেবিল চামচ সুজি মিশিয়ে নিতে পারেন। সুজি ময়দার মিশ্রণের গঠন কিছুটা বদলাতে সাহায্য করে এবং লুচি ভাজার সময় অতিরিক্ত তেল শোষণের প্রবণতা কমাতে সহায়ক হতে পারে।পাশাপাশি, এই মিশ্রণে তৈরি লুচি ভাজার পরও কিছুটা ফুলকো ও নরম থাকার সম্ভাবনা থাকে। বাড়িতে সুজি না থাকলে বিকল্প হিসেবে অল্প বেসন ব্যবহার করার কথাও প্রতিবেদনে বলা হয়েছে।
ময়দা খুব নরম করে মাখবেন না
লুচির ময়দা রুটির আটার মতো নরম করে মাখলে চলবে না। অল্প অল্প করে জল দিয়ে ময়দা মেখে তুলনামূলক শক্ত ও মসৃণ ডো তৈরি করুন।ময়দা মাখার সময় ১ চা চামচ গরম তেল বা ঘি মিশিয়ে নিতে পারেন। এতে লুচির বাইরের অংশের টেক্সচার আরও ভালো হতে পারে।
ময়দা মেখে ঘণ্টার পর ঘণ্টা রাখবেন না
লুচি বানানোর জন্য ময়দা মেখে দীর্ঘ সময় রেখে দেওয়ার প্রয়োজন নেই। ময়দা মাখার পর প্রায় ১০–১৫ মিনিট বিশ্রাম দিয়ে লুচি বেলা শুরু করতে পারেন।
অনেকক্ষণ ময়দা ফেলে রাখলে তার আর্দ্রতা ও গঠন বদলে যেতে পারে। ফলে লুচির কাঙ্ক্ষিত টেক্সচার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।
শুকনো ময়দা দিয়ে বারবার বেলবেন না
লুচি বেলার সময় চাকি ও বেলায় অতিরিক্ত শুকনো ময়দা ব্যবহার না করাই ভালো। বেশি শুকনো ময়দা তেলে গিয়ে পুড়ে লুচির গায়ে কালচে দাগ তৈরি করতে পারে।এর বদলে চাকি ও বেলায় অল্প তেল মেখে লুচি বেলে নিতে পারেন। লুচি যেন খুব পাতলা বা অতিরিক্ত মোটা না হয়, সেদিকেও নজর রাখুন। মাঝারি পুরুত্বে বেলা হলে লুচি ভালোভাবে ফুলতে পারে।
তেল ঠিকমতো গরম হওয়া জরুরি
লুচি তেলে দেওয়ার আগে তেল যথেষ্ট গরম হয়েছে কি না নিশ্চিত করুন। তেল কম গরম থাকলে লুচি তেলে বেশি সময় ধরে ভাজার প্রয়োজন হয় এবং অতিরিক্ত তেল শোষণ করতে পারে।তেল পরীক্ষা করতে ময়দার একটি ছোট টুকরো তেলে ফেলতে পারেন। সেটি দ্রুত উপরে উঠে এলে তেল গরম হয়েছে বলে ধরে নেওয়া যায়।
তেলে দেওয়ার পর হালকা চাপ দিন
গরম তেলে লুচি ছাড়ার পর খুন্তি দিয়ে আলতো করে তার উপর চাপ দিতে পারেন। এতে লুচির ভিতরে বাষ্প তৈরি হয়ে সেটি ফুলে উঠতে সাহায্য করে।এক পিঠ কিছুটা ভাজা হলে দ্রুত উল্টে দিন। দুই দিক সোনালি হয়ে এলে তেল ঝরিয়ে তুলে নিন। বেশি সময় ধরে তেলে রেখে দিলে অপ্রয়োজনীয়ভাবে তেল শোষণের সম্ভাবনাবাড়তে পারে।
লুচি বানাতে কী কী লাগবে?
সহজ এই পদ্ধতিতে লুচি তৈরির জন্য লাগবে—
ময়দা — ২ কাপ
সুজি — ২ টেবিল চামচ
গরম তেল বা ঘি — ১ চা চামচ
নুন — আধ চা চামচ
চিনি — ১/৪ চা চামচ
জল — প্রয়োজনমতো
ভাজার জন্য তেল — প্রয়োজনমতো
এক নজরে লুচি ফুলকো রাখার টিপস
২ কাপ ময়দায় ২ টেবিল চামচ সুজি মেশান।
ময়দা খুব নরম নয়, মসৃণ ও তুলনামূলক শক্ত করে মাখুন।
১ চা চামচ গরম তেল বা ঘি মেশাতে পারেন।
ময়দা মেখে দীর্ঘ সময় ফেলে রাখবেন না।
লুচি মাঝারি পুরুত্বে বেলুন।
তেল ভালোভাবে গরম করে তবেই লুচি ছাড়ুন।
তেলে দেওয়ার পর আলতো চাপ দিয়ে ফুলিয়ে নিন এবং দ্রুত উল্টে দিন।
লুচি ভাজার পর অতিরিক্ত তেল শুষে নেওয়া অনেকেরই সাধারণ সমস্যা। ময়দা মাখার সময় সামান্য সুজি মেশানো, ময়দা ঠিকভাবে মাখা এবং তেল যথেষ্ট গরম রেখে লুচি ভাজার মতো কয়েকটি কৌশল মেনে চললে লুচি তুলনামূলক কম তেল শুষতে পারে। কীভাবে বানাবেন, রইল সহজ পদ্ধতি।













