মুড়ি-চিঁড়ে-ছোলা ভাজার বদলে মাখানা কেন বেশি উপকারী? জানুন রোজ কতটা খাবেন

মুড়ি-চিঁড়ে-ছোলা ভাজার বদলে মাখানা কেন বেশি উপকারী? জানুন রোজ কতটা খাবেন

এক সময় বিকেলের জলখাবার মানেই ছিল মুড়ি, চিঁড়ে ভাজা বা ছোলা ভাজা। তবে বদলেছে সময়, বদলেছে খাদ্যাভ্যাসও। এখন স্বাস্থ্যসচেতন বাঙালির হেঁশেলে নিয়মিত ঢুকে পড়েছে মাখানা। বাদাম বা চিঁড়ে ছেড়ে অনেকেই ঝুঁকছেন এই হালকা অথচ পুষ্টিকর খাবারের দিকে। কিন্তু কেন এত জনপ্রিয় হয়ে উঠছে মাখানা? কী কী উপকারই বা মিলছে এতে?

প্রোটিন ও মিনারেলে ভরপুর সুপারফুড

মাখানা একটি উচ্চ প্রোটিনযুক্ত স্ন্যাকস। এর পাশাপাশি এতে রয়েছে আয়রন, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম-সহ নানা জরুরি মিনারেল। এমনকী পর্যাপ্ত ফাইবারও পাওয়া যায় মাখানায়। তাই ডায়াবিটিস বা কোলেস্টেরলের সমস্যা থাকলেও নিশ্চিন্তে খাওয়া যায় এই খাবার।

হজম শক্তিশালী করে, কোষ্ঠকাঠিন্য কমায়

মাখানায় থাকা ফাইবার প্রিবায়োটিকের মতো কাজ করে। এটি অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং হজম ক্ষমতা বাড়ায়। নিয়মিত মাখানা খেলে কোষ্ঠকাঠিন্য, গ্যাস বা পেটের গণ্ডগোলের সমস্যা অনেকটাই কমে।

হার্টের জন্য কেন উপকারী মাখানা

মাখানায় থাকা ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম শরীরে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। ফলে রক্তচাপ বেড়ে যাওয়ার ঝুঁকি কমে। পাশাপাশি এতে থাকা ফাইবার রক্তে খারাপ কোলেস্টেরল (LDL) কমাতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখে।

অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর

মাখানায় থাকা ফ্ল্যাভনয়েড ও ফেনোলিক যৌগ শরীরের ফ্রি র‍্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করে। এতে অক্সিডেটিভ স্ট্রেস কমে এবং বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি হ্রাস পায়। সংক্রমণ প্রতিরোধ ও ক্ষত দ্রুত সারাতেও মাখানা সহায়ক।

সব বয়সের জন্য উপযোগী

আট থেকে আশি—সব বয়সের মানুষের ডায়েটে মাখানা রাখা যায়। ওজন কমাতে চাইছেন, ডায়াবিটিস নিয়ন্ত্রণে রাখতে চান বা স্বাস্থ্যকর স্ন্যাকস খুঁজছেন—সব ক্ষেত্রেই মাখানা আদর্শ বিকল্প।

রোজ কতটা মাখানা খাবেন?

মাখানা যতই উপকারী হোক, অতিরিক্ত খাওয়া ঠিক নয়। দিনে প্রায় ৩০ গ্রাম, অর্থাৎ এক ছোট বাটি মাখানা খেলেই যথেষ্ট। বাজারে পাওয়া অতিরিক্ত মশলা মাখানো মাখানা এড়িয়ে চলাই ভালো। চাইলে কাঁচা মাখানা শুকনো খোলায় ভেজে অল্প নুন বা গোলমরিচ ছড়িয়ে খেতে পারেন।

স্বাস্থ্যসচেতন বাঙালির ডায়েটে দ্রুত জায়গা করে নিচ্ছে মাখানা। প্রোটিন, ফাইবার ও নানা মিনারেলে ভরপুর এই সুপারফুড মুড়ি বা চিঁড়ে-ছোলা ভাজার চেয়ে অনেক বেশি উপকারী। হজম থেকে হার্ট—একাধিক উপকার মিলছে মাখানা খেলে।

 

Leave a comment