একটা বছর শেষ! নতুন বছরের প্রথম মাইনে পেলেই করুন এই ৩ কাজ—কঠিন সময়েও টাকার টান পড়বে না

একটা বছর শেষ! নতুন বছরের প্রথম মাইনে পেলেই করুন এই ৩ কাজ—কঠিন সময়েও টাকার টান পড়বে না

নতুন বছর মানেই নতুন পরিকল্পনা, নতুন লক্ষ্য। আর বছরের প্রথম মাইনে হাতে এলে সেটিই হয় আর্থিক জীবন গুছিয়ে নেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। অনেকেই এই সময় বাড়তি খরচ বা কেনাকাটায় মন দেন, কিন্তু আর্থিক বিশেষজ্ঞদের মতে, শুরুতেই তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে বড়সড় আর্থিক ধাক্কা সামলানো অনেক সহজ হয়ে যায়।

সবার আগে জরুরি তহবিল তৈরি করুন

বেতন পাওয়ার পর প্রথম কাজ হওয়া উচিত জরুরি তহবিল (Emergency Fund) তৈরি করা। চাকরি চলে যাওয়া, ব্যবসায় ক্ষতি, হঠাৎ চিকিৎসার খরচ বা কোনও বড় অপ্রত্যাশিত বিপদ—এই সব পরিস্থিতিতে জরুরি তহবিলই সবচেয়ে বড় ভরসা।আর্থিক বিশেষজ্ঞদের মতে, অন্তত ৬ মাসের বেতনের সমান টাকা জরুরি তহবিল হিসেবে রাখা আদর্শ। এই টাকা সেভিংস অ্যাকাউন্ট, লিকুইড ফান্ড বা স্বল্পমেয়াদি ফিক্সড ডিপোজিটে রাখাই ভালো, যাতে প্রয়োজনে সঙ্গে সঙ্গে ব্যবহার করা যায়। এতে FD, SIP বা বিমা ভাঙার ঝুঁকি থাকে না।

বেতনের অন্তত ২০% বিনিয়োগে রাখুন

দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ হল নিয়মিত বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা। আর্থিক পরিকল্পনার স্বর্ণনিয়ম বলছে, মাসিক আয়ের কমপক্ষে ২০% অবশ্যই সঞ্চয় ও বিনিয়োগ করা উচিত।উদাহরণস্বরূপ, যদি কারও বেতন হয় ২০,০০০ টাকা, তাহলে অন্তত ৪,০০০ টাকা বিনিয়োগে রাখা দরকার। এই অর্থ SIP, মিউচুয়াল ফান্ড, RD, FD, PPF, সোনা বা বিমা প্রকল্পে বিনিয়োগ করা যেতে পারে। যত তাড়াতাড়ি বিনিয়োগ শুরু করবেন, তত বেশি লাভ পাবেন চক্রবৃদ্ধি সুদের জাদুতে।

স্বাস্থ্য বিমাকে অবহেলা করবেন না

তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল স্বাস্থ্য বিমা নেওয়া। আজও অনেকেই স্বাস্থ্য বিমাকে অপ্রয়োজনীয় খরচ মনে করেন, কিন্তু বাস্তবে একটি বড় অসুস্থতাই বছরের পর বছর ধরে জমানো সঞ্চয় শেষ করে দিতে পারে।বিশেষ করে বাবা-মা বয়স্ক হলে তাঁদের জন্য আলাদা স্বাস্থ্য বিমা থাকা অত্যন্ত জরুরি। সঠিক স্বাস্থ্য বিমা থাকলে চিকিৎসার খরচ বিমা সংস্থা বহন করে এবং আপনার সঞ্চয় সুরক্ষিত থাকে। তাই নতুন বছরের প্রথম বেতন থেকেই স্বাস্থ্য বিমাকে আর্থিক পরিকল্পনার অঙ্গ করে তুলতে হবে।

নতুন বছরের প্রথম বেতন শুধু খরচের জন্য নয়, ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা গড়ার সেরা সুযোগ। জরুরি তহবিল তৈরি, বেতনের অন্তত ২০% বিনিয়োগ এবং স্বাস্থ্য বিমা—এই তিনটি কাজ শুরু করলেই কঠিন সময়েও ধার করার প্রয়োজন পড়বে না।

Leave a comment