বাংলাদেশকে ঘিরে বিশ্বকাপ নাটক শেষ হওয়ার আগেই নতুন করে আগুনে ঘি ঢালল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিতেই ক্ষুব্ধ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ কার্যত অন্ধকারে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বাংলাদেশ ইস্যুর রেশেই নতুন বিতর্ক
নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে অস্বীকার করায় বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেয় আইসিসি। সেই সিদ্ধান্তের পরই নাটকীয় মোড় নেয় পরিস্থিতি। বাংলাদেশের পাশে দাঁড়ানো একমাত্র বোর্ড ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
বিশ্বকাপ ছাড়ার ইঙ্গিত নকভির
নাটক শেষ হবে ভেবেছিল আইসিসি, কিন্তু ঠিক তখনই বিস্ফোরক মন্তব্য করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। তিনি জানান, পাকিস্তান বিশ্বকাপে খেলবে কি না, সেই সিদ্ধান্ত নেবে দেশের সরকার। এই বক্তব্যেই বিশ্ব ক্রিকেটে তোলপাড়।
আইসিসির কড়া নোটিশ
সূত্রের খবর, নকভির মন্তব্যে মারাত্মকভাবে ক্ষুব্ধ আইসিসি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান যদি বাংলাদেশকে অনুসরণ করে বিশ্বকাপে অংশগ্রহণ না করে, তাহলে একাধিক কড়া নিষেধাজ্ঞা চাপানো হবে।
কী কী শাস্তি হতে পারে পাকিস্তানের?
আইসিসির প্রস্তাবিত শাস্তির তালিকা কার্যত পাকিস্তান ক্রিকেটের জন্য ‘ব্ল্যাকআউট’—
কোনও আন্তর্জাতিক দলের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পারবে না
পাকিস্তান সুপার লিগে (PSL) বিদেশি ক্রিকেটারদের জন্য NOC বন্ধ
এশিয়া কাপসহ আইসিসির বাইরের টুর্নামেন্ট থেকেও বাদ পড়ার সম্ভাবনা
ইতিহাসে নজির একটাই
আইসিসি ঠিক কোন আইনের আওতায় এই শাস্তি দিতে পারে, তা এখনও স্পষ্ট নয়। তবে ইতিহাসে একমাত্র নজির দক্ষিণ আফ্রিকা—যারা বর্ণবৈষম্যের কারণে ২২ বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত ছিল। পাকিস্তানের ক্ষেত্রেও তেমন কিছু হলে তা হবে নজিরবিহীন।
নকভির স্পষ্ট বার্তা
নকভি বলেন,
“আমরা বিশ্বকাপ খেলব কি খেলব না, সেই সিদ্ধান্ত নেবে সরকার। প্রধানমন্ত্রী ফিরে এলে তাঁর পরামর্শ নেওয়া হবে। সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত।”
এই মন্তব্যই আইসিসির কাছে কার্যত হুমকি হিসেবে ধরা হয়েছে।
বাংলাদেশের একমাত্র ‘বন্ধু’ পাকিস্তান
আইসিসি বোর্ড মিটিংয়ে বাংলাদেশের দাবির পক্ষে একমাত্র ভোট দিয়েছিল পাকিস্তান। সেই সূত্রেই নিজেদের ‘নৈতিক সমর্থক’ হিসেবে তুলে ধরতে চায় পিসিবি। কিন্তু সেই অবস্থানই এখন পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ বিপদের মুখে ফেলেছে।
বাংলাদেশের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর নতুন করে বিতর্কে পাকিস্তান ক্রিকেট। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার ইঙ্গিত দিয়ে আইসিসির রোষের মুখে পড়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। বিশ্বকাপ বয়কট করলে পাকিস্তানের সামনে ‘কমপ্লিট ব্ল্যাকআউট’-এর ভয়।













