বিরিয়ানির চেনা স্বাদে একটু বিরতি চান? তাহলে ট্রাই করুন ইয়াখনি পোলাও। মৃদু মশলা, নরম সেদ্ধ মটন আর বাসমতি চালের সুগন্ধ—সব মিলিয়ে এই পদ পারিবারিক আড্ডা বা বিশেষ দিনে হতে পারে সেরা চমক। রেসিপিও একেবারেই সহজ, শুধু ধাপে ধাপে অনুসরণ করলেই হবে।
ইয়াখনি পোলাও কী?
‘ইয়াখনি’ শব্দের অর্থ মাংসের সুগন্ধি স্টক বা ঝোল। সেই স্টকেই রান্না হয় পোলাওয়ের চাল। বিরিয়ানির মতো তীব্র মশলার ব্যবহার নেই, বরং এখানে গুরুত্ব দেওয়া হয় স্টকের গভীর স্বাদে। ফলে খাবারটি হয় হালকা অথচ সুস্বাদু।
প্রয়োজনীয় উপকরণ
মাংসের জন্য:
মটন ১ কেজি, নুন, জল ৬ কাপ, গোটা ধনে, মৌরি, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, স্টার অ্যানাইস, আদা, পেঁয়াজ (মশলার পুটুলির জন্য পাতলা কাপড়)।
পোলাওয়ের জন্য:
বাসমতি চাল ২ কাপ, দই ১ কাপ, আদা-রসুন বাটা, কাঁচালঙ্কা, ঘি ও তেল, গোটা জিরা, গরম মশলা, কেওড়ার জল, ধনে পাতা, বেরেস্তা পেঁয়াজ।
তৈরি করুন ইয়াখনি (মাংসের স্টক)
মটন ধুয়ে নুন ও জল দিয়ে বসান। একটি কাপড়ে গোটা মশলা, আদা ও পেঁয়াজ বেঁধে পুটুলি বানিয়ে মাংসের পাত্রে দিন। এতে মশলার স্বাদ স্টকে মিশবে, কিন্তু আলাদা করে ছাঁকতে হবে না। ঢেকে কমপক্ষে এক ঘণ্টা সিদ্ধ করুন (প্রেশার কুকারেও করতে পারেন)।মাংস সেদ্ধ হলে তুলে রাখুন। পাত্রে থাকা সুগন্ধি জলই আপনার ইয়াখনি।
পোলাওয়ের প্রস্তুতি
পেঁয়াজ কুচি করে নিন, চাল ধুয়ে জল ঝরিয়ে রাখুন। দই ফেটিয়ে সামান্য চিনি মিশিয়ে নিন। কাঁচালঙ্কা চিরে রাখুন।কড়াইয়ে ঘি ও তেল গরম করে গোটা জিরা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ ফোঁড়ন দিন। পেঁয়াজ সোনালি হলে আদা-রসুন বাটা দিয়ে কষান। তারপর ফেটানো দই ও গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
চাল ও মাংস মেশানো
এবার চাল দিয়ে ৬-৭ মিনিট কষান। তারপর নিয়ম মেনে চালের দ্বিগুণ ইয়াখনি (২ কাপ চালে ৪ কাপ স্টক) ঢেলে দিন। সেদ্ধ মটনও মিশিয়ে দিন।ঢেকে কম আঁচে ১০-১২ মিনিট রান্না করুন। জল শুকিয়ে এলে বুঝবেন পোলাও তৈরি।
শেষ ছোঁয়া
উপরে ধনে পাতা, বেরেস্তা পেঁয়াজ ও সামান্য কেওড়ার জল ছড়িয়ে আবার ঢেকে দিন কয়েক মিনিট। এতে সুগন্ধ আরও বেড়ে যাবে।গরম গরম পরিবেশন করুন। সঙ্গে স্যালাড বা রায়তা থাকলে স্বাদ দ্বিগুণ।
Yakhni Pulao উত্তর ভারতের এক জনপ্রিয় সুগন্ধি ভাতের পদ, যেখানে মাংসের স্টক, দই ও গোটা মশলার মিশেলে তৈরি হয় অনন্য স্বাদ। ঝাঁজ কম, কিন্তু স্বাদে গভীর—এই সপ্তাহান্তে ঘরেই সহজ উপায়ে বানিয়ে ফেলুন মাটন ইয়াখনি পোলাও।













