শীতে উইকেন্ডে নবদ্বীপ ভ্রমণ? এই ৫ প্রাচীন মন্দিরে পা রাখলেই মন ভরে যাবে শান্তিতে

শীতের সপ্তাহান্তে নবদ্বীপ ভ্রমণে গেলে কোন ৫টি প্রাচীন মন্দির দেখবেন? জানুন মহাপ্রভু মন্দির থেকে জল মন্দির—সম্পূর্ণ ট্রাভেল গাইড এক ক্লিকে।

শীত মানেই ছোট্ট ট্রিপের মরসুম। কোলাহল থেকে দূরে, মন ও আত্মাকে শান্ত করতে চাইলে নবদ্বীপের মতো জায়গা খুব কমই আছে। ভাগীরথীর তীরে গড়ে ওঠা এই তীর্থনগরীতে ছড়িয়ে রয়েছে শতাব্দীপ্রাচীন ইতিহাস ও ভক্তির আবহ। সপ্তাহান্তে নবদ্বীপে এলে যে পাঁচটি মন্দির অবশ্যই দর্শন করবেন, রইল তার সম্পূর্ণ গাইড।

শ্রীচৈতন্য মহাপ্রভু মন্দির—ভক্তির কেন্দ্রবিন্দু

প্রায় ৫০০ বছরের প্রাচীন এই মন্দির নবদ্বীপের আত্মা বললেও ভুল হয় না। কলিযুগের অবতার শ্রীচৈতন্য মহাপ্রভুর স্মৃতিবিজড়িত এই স্থানে প্রতিদিন ভক্তদের ঢল নামে। ইতিহাস, কীর্তন ও ভক্তির আবেশে এখানে সময় কাটালে মানসিক প্রশান্তি অনিবার্য।

পোড়ামা মন্দির—নবদ্বীপের প্রাণকেন্দ্র

নবদ্বীপের অন্যতম ব্যস্ত ও পবিত্র স্থান পোড়ামা মন্দির। অনেকে একে নীল সরস্বতী দেবীর মন্দির হিসেবেও জানেন। বছরের প্রতিটি দিনেই এখানে পুজো ও আরতির সময় ভক্তদের ভিড় লেগে থাকে।

সমাজ বাড়ি—ইতিহাস ও সাধনার মিলনস্থল

১৩১২ বঙ্গাব্দে চরণদাস বাবাজি প্রতিষ্ঠিত সমাজ বাড়ি শুধু মন্দির নয়, একটি ঐতিহাসিক সাধনকেন্দ্র। গৌর-নিতাই ও রাধাকৃষ্ণের বিগ্রহের পাশাপাশি এখানে রয়েছে চরণদাস বাবাজির সমাধি মন্দির, যা ভক্তদের কাছে গভীর শ্রদ্ধার স্থান।

সোনার গৌরাঙ্গ মন্দির—অষ্টধাতুর অপূর্ব নিদর্শন

অষ্টধাতু দিয়ে নির্মিত সোনার মতো উজ্জ্বল গৌরাঙ্গ মূর্তির জন্য বিখ্যাত এই মন্দির। দোল পূর্ণিমা, রাসযাত্রা ও ঝুলন উৎসবে এখানে বিশেষ ভিড় হয়। শান্ত পরিবেশে মহাপ্রভুর দর্শন করতে চাইলে এই মন্দির অবশ্যই ঘুরে দেখুন।

কোলেরডাঙ্গা জল মন্দির—জলের মাঝে আধ্যাত্মিক শান্তি

পুকুরের মাঝখানে অবস্থিত শ্রীচৈতন্য সারস্বত মঠ, যা ‘জল মন্দির’ নামেই বেশি পরিচিত। ১৯৪১ সালে প্রতিষ্ঠিত এই মন্দির নবদ্বীপের অন্যতম আকর্ষণ। চারপাশের নিস্তব্ধতা ও জলের প্রতিবিম্ব মনকে অনন্য প্রশান্তি দেয়।

নিমাইয়ের জন্মস্থান—ভক্তির চূড়ান্ত স্পর্শ

নবদ্বীপের প্রাচীন মায়াপুরে অবস্থিত চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। ঐতিহাসিক নিম গাছের নিচে শচীমাতার কোলে নিমাইয়ের আবির্ভাবের স্মৃতিবাহী এই স্থান ভক্তদের কাছে অতি পবিত্র।

শীতের সপ্তাহান্তে কাছেপিঠে শান্তিপূর্ণ তীর্থভ্রমণের খোঁজে থাকলে নবদ্বীপ হতে পারে আদর্শ গন্তব্য। ইতিহাস, ভক্তি ও আধ্যাত্মিকতার মেলবন্ধনে নবদ্বীপে এমন পাঁচটি প্রাচীন মন্দির রয়েছে, যেগুলি না দেখলে তীর্থভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়।

 

Leave a comment