বাংলার ঘরে ঘরে বহু পুরনো এক পরিচিত খাবার—ছাতু। কিন্তু আধুনিক লাইফস্টাইলে অনেকেই ভুলে গিয়েছেন এই পুষ্টিগুণে ভরপুর পানীয়ের কথা। বিশেষজ্ঞদের মতে, রোজ সকালে এক গ্লাস ছাতু আপনার শরীরকে ভেতর থেকে বদলে দিতে পারে। কীভাবে? জেনে নিন বিস্তারিত।
হজমের জাদু, পেট থাকবে পরিষ্কার
ছাতুতে রয়েছে প্রচুর অদ্রবণীয় ফাইবার, যা অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে। খালি পেটে ছাতু খেলে জমে থাকা বর্জ্য বেরিয়ে যায় সহজে। ফলে কোষ্ঠকাঠিন্য, গ্যাস বা পেট ফাঁপার মতো সমস্যা অনেকটাই কমে।
সারাদিন এনার্জি, নেই ক্লান্তি
ছাতুর গ্লাইসেমিক ইনডেক্স কম হওয়ায় এটি ধীরে ধীরে শরীরে গ্লুকোজ ছাড়ে। ফলে হঠাৎ এনার্জি বাড়ে না, আবার দ্রুত কমেও যায় না। সকালবেলা এক গ্লাস ছাতু আপনাকে দীর্ঘ সময় পর্যন্ত চাঙা রাখে।
গরমে প্রাকৃতিক কুলার
গ্রীষ্মের দাবদাহে ছাতু যেন শরীরের ‘ইনার কুলার’। এটি শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং হিটস্ট্রোকের ঝুঁকি কমায়। তাই গরমে নিয়মিত ছাতু খাওয়ার পরামর্শ দেন অনেকেই।
প্রোটিনে ভরপুর শক্তির ভান্ডার
প্রতি ১০০ গ্রাম ছাতুতে প্রায় ২০ গ্রাম প্রোটিন থাকে। নিরামিষভোজীদের জন্য এটি এক অসাধারণ প্রোটিন উৎস। পেশি গঠন ও শরীরের টিস্যু মেরামতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
ওজন কমাতে দারুণ কার্যকর
ছাতুর বিশেষ ফাইবার শরীরে তৃপ্তির অনুভূতি বাড়ায়। ফলে বারবার খিদে পায় না, জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতাও কমে। এতে ক্যালোরি নিয়ন্ত্রণে থাকে এবং ধীরে ধীরে ওজন কমানো সহজ হয়।
সর্বাঙ্গীণ টনিক, ত্বকেও ঝলক
ছাতু শুধু পেট নয়, শরীরের সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। নিয়মিত খেলে ত্বকের উজ্জ্বলতাও বাড়ে বলে দাবি অনেকের। এটি শরীরকে ভেতর থেকে পুষ্টি জোগায়।
প্রতিদিন এক গ্লাস ছাতু খেলে শরীরে কী পরিবর্তন হয় জানেন? হজম থেকে এনার্জি, ওজন কমানো থেকে শরীর ঠান্ডা রাখা—একাধিক উপকারে ভরপুর এই দেশি সুপারফুড।













