ভাদ্র মাস এলেই বাঙালির রান্নাঘরে শুরু হয় তালের নানা পদ তৈরির প্রস্তুতি। তালের বড়া, ক্ষীর, মালপোয়া কিংবা তালের লুচি—সবকিছুর স্বাদ নির্ভর করে ভালো মানের পাকা তালের উপর। কিন্তু বাজারে গিয়ে কোন তালটি কিনবেন? সামান্য কয়েকটি লক্ষণ দেখলেই সহজে বুঝতে পারবেন কোন তালটি রসালো, সুগন্ধি এবং মিষ্টি।
ঘন কালো রঙের তাল বেছে নিন
ভালো মানের পাকা তালের অন্যতম পরিচয় তার গাঢ় কালো রং। সাধারণত মিশমিশে কালো রঙের তাল বেশি পাকা এবং মিষ্টি হয়। তুলনামূলক হালকা বা ফ্যাকাসে রঙের তালে তিতকুটে স্বাদ থাকার সম্ভাবনা বেশি।
সাদা লম্বা দাগ থাকলে ভালো হওয়ার সম্ভাবনা বেশি
তালের খোসার উপর যদি হালকা সাদা রঙের লম্বাটে দাগ দেখা যায়, তাহলে সেটি ভালো মানের পাকা তাল হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া খোসা কিছুটা খসখসে ও অমসৃণ হলে সেটিও পাকার লক্ষণ হিসেবে ধরা হয়।
পেছনের অংশে খুঁজুন সোনালি বা কমলা আভা
তাল কেনার সময় শুধু সামনের অংশ নয়, পিছনের দিকটিও দেখে নিন। যদি সেখানে সোনালি, গেরুয়া বা কমলা রঙের আভা থাকে, তাহলে সেই তাল সাধারণত বেশি মিষ্টি ও সুগন্ধযুক্ত হয়।
ফাটা বা অতিরিক্ত মসৃণ তাল এড়িয়ে চলুন
বিশেষজ্ঞদের মতে, আস্ত ও নিটোল গোল আকৃতির তাল কেনাই ভালো। ফেটে যাওয়া তাল দ্রুত নষ্ট হতে পারে। আবার খুব মসৃণ খোসার তালও অনেক সময় স্বাদে তিতো হয়।
জন্মাষ্টমীর ভোগে তালের বিশেষ গুরুত্ব
জন্মাষ্টমীর ভোগে তালের বড়া, তালক্ষীর, তালের লুচি ও তালের মালপোয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। বহু পরিবারে এই উৎসবের অন্যতম প্রধান প্রসাদ হিসেবে তালের নানা পদ তৈরি করা হয়।
নরম তালের বড়া বানানোর সহজ কৌশল
তালের কাইয়ের সঙ্গে ময়দা, সুজি, চিনি, কোরানো নারকেল ও সামান্য মৌরি মিশিয়ে ব্যাটার তৈরি করলে বড়া নরম ও সুগন্ধি হয়। সঠিকভাবে পাকা তাল ব্যবহার করলে স্বাদও অনেক গুণ বেড়ে যায়।
ডায়াবেটিস থাকলে সতর্ক থাকুন
পাকা তালের প্রাকৃতিক মিষ্টত্ব বেশি এবং এর গ্লাইসেমিক ইনডেক্স তুলনামূলক উঁচু। তাই ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের তাল বা তালের তৈরি মিষ্টি খাবার সীমিত পরিমাণে খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
জন্মাষ্টমীর আগে বাজারে উঠেছে পাকা তাল। কিন্তু সব তাল সমান মিষ্টি নয়। তালের রং, খোসার গঠন, দাগ এবং আকৃতি দেখেই সহজে চিনে নেওয়া যায় কোন তাল দিয়ে বড়া, ক্ষীর বা মালপোয়া হবে সবচেয়ে সুস্বাদু। পাশাপাশি ডায়াবেটিস রোগীদের জন্যও রয়েছে গুরুত্বপূর্ণ সতর্কতা।













