সবজি মানেই স্বাস্থ্য, পুষ্টি আর রোগ প্রতিরোধ ক্ষমতার ভরসা। কিন্তু সেই সবজি সংরক্ষণের ভুল পদ্ধতিই যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়? প্রতিদিনের রান্নার আগে ফ্রিজ খুলে প্লাস্টিকের ব্যাগে মোড়া সবজি বের করা আমাদের কাছে খুব স্বাভাবিক ব্যাপার। অথচ চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, এই অভ্যাস দীর্ঘমেয়াদে শরীরের পক্ষে বিপজ্জনক হতে পারে।
বাতাস চলাচলের অভাব
প্লাস্টিক ব্যাগে বাতাস ঢুকতে পারে না। অথচ সবজি সতেজ থাকতে সামান্য ‘শ্বাস’ নেওয়া দরকার। বাতাস না পেলে সবজি থেকে নির্গত আর্দ্রতা ব্যাগের মধ্যেই আটকে যায়। এই স্যাঁতসেঁতে পরিবেশ ব্যাকটেরিয়া ও ছত্রাক বৃদ্ধির জন্য আদর্শ।
ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের ঝুঁকি
আর্দ্র পরিবেশে খুব দ্রুত ফাঙ্গাস জন্মায়। অনেক সময় চোখে না পড়লেও সেই দূষিত সবজি খেলে পেটের সংক্রমণ, বমি, ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।
ক্ষতিকর রাসায়নিকের প্রভাব
নিম্নমানের প্লাস্টিক ব্যাগে থাকা বিসফিনল-এ (BPA) ও ফথ্যালেটস-এর মতো রাসায়নিক ঠান্ডা পরিবেশেও সবজির মধ্যে মিশে যেতে পারে। এই রাসায়নিক হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।
পুষ্টিগুণ ও স্বাদের ক্ষয়
প্লাস্টিক ব্যাগে দীর্ঘদিন রাখা সবজি ধীরে ধীরে তাদের স্বাভাবিক রং, স্বাদ ও পুষ্টিগুণ হারায়। বিশেষ করে পাতাযুক্ত সবজিতে থাকা ভিটামিন দ্রুত নষ্ট হয়ে যায়।
তাহলে কীভাবে সবজি সংরক্ষণ করবেন?
সবজি ফ্রিজে রাখার আগে প্লাস্টিক ব্যাগ থেকে বের করে নিন
শুকনো কাপড়ের ব্যাগ বা জালযুক্ত ব্যাগ ব্যবহার করুন
পাতাযুক্ত সবজি কাগজে মুড়িয়ে রাখা সবচেয়ে ভালো
ফ্রিজে রাখার আগে সবজি ভেজা না থাকে, তা নিশ্চিত করুন
ফাঙ্গাস ধরা বা নরম হয়ে যাওয়া সবজি কখনও খাবেন না
বাজার থেকে আনা সবজি প্লাস্টিকের ব্যাগে ভরে ফ্রিজে রাখার অভ্যাস অনেকেরই আছে। কিন্তু এই সামান্য অভ্যাসই ডেকে আনতে পারে মারাত্মক স্বাস্থ্যসমস্যা। ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে হরমোনের গোলমাল—সব কিছুর ঝুঁকি বাড়ে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।













