বাড়ির বাইরে বেরোলেই কখনও না কখনও পাবলিক টয়লেট ব্যবহার করতেই হয়। তখন অনেকেই লক্ষ্য করেন, কমোড সিটের সামনের অংশটি ইংরেজি ‘U’ অক্ষরের মতো খোলা। অনেকের ধারণা এটি ভাঙা বা অসম্পূর্ণ নকশা। বাস্তবে কিন্তু এই ডিজাইন দীর্ঘ গবেষণা ও স্বাস্থ্যবিধির ভিত্তিতে তৈরি, যার লক্ষ্য ব্যবহারকারীদের আরও নিরাপদ ও স্বাস্থ্যসম্মত অভিজ্ঞতা দেওয়া।
১৯৫৫ সাল থেকেই চালু এই বিশেষ নকশা
পাবলিক টয়লেটের ইউ-আকৃতির কমোড সিট প্রথম বাধ্যতামূলক করা হয় ১৯৫৫ সালে যুক্তরাষ্ট্রে। পরে ১৯৭৩ সালে ইউনিফর্ম প্লাম্বিং কোডেও এই নকশা অন্তর্ভুক্ত হয়। বর্তমানে বিশ্বের বহু দেশ, ভারতের বিভিন্ন পাবলিক টয়লেটেও এই ধরনের সিট ব্যবহার করা হয়।
মহিলাদের সুবিধার কথা মাথায় রেখেই নকশা
বিশেষজ্ঞদের মতে, সিটের সামনের অংশ খোলা থাকলে টয়লেট ব্যবহারের সময় এবং পরিষ্কার করার সময় শরীরের সামনের অংশের সঙ্গে কমোডের সরাসরি সংস্পর্শ কম হয়। এতে পরিচ্ছন্নতা বজায় রাখা সহজ হয় এবং অস্বস্তিও কমে।
সংক্রমণের ঝুঁকি কমাতে সহায়ক
প্রতিদিন অসংখ্য মানুষ পাবলিক টয়লেট ব্যবহার করেন। ফলে জীবাণু ছড়ানোর আশঙ্কাও বেশি থাকে। ইউ-আকৃতির সিটের নকশা সরাসরি স্পর্শ কিছুটা কমাতে সাহায্য করে। যদিও চিকিৎসকদের মতে, শুধুমাত্র টয়লেট সিট থেকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (UTI) হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। তবে অপরিষ্কার টয়লেট, নোংরা হাত বা ভুল স্বাস্থ্যবিধির কারণে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে।
পরিষ্কার করা অনেক সহজ হয়
সিটের সামনের অংশ খোলা থাকায় পরিচ্ছন্নতাকর্মীরা সহজেই টয়লেট বোলের সামনের অংশ এবং সিটের নিচের অংশ পরিষ্কার করতে পারেন। ফলে কম সময়েই টয়লেট জীবাণুমুক্ত করা সম্ভব হয়। পাশাপাশি বায়ু চলাচল কিছুটা বাড়ায় বলে দুর্গন্ধও তুলনামূলক কম হয়।
পাবলিক টয়লেট ব্যবহারের সময় কী কী সতর্কতা নেবেন?
টয়লেট ব্যবহারের আগে ও পরে অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নিন।
ফ্লাশ করার সময় কমোডের ঢাকনা থাকলে তা বন্ধ করে ফ্লাশ করুন।
হাত না ধুয়ে মুখ, চোখ বা নাক স্পর্শ করবেন না।
শিশু ও বয়স্কদের ক্ষেত্রে পরিচ্ছন্নতার বিষয়ে অতিরিক্ত সতর্ক থাকুন।
পাবলিক টয়লেটের কমোড সিটের সামনের অংশ ‘U’ আকৃতিতে কাটা থাকে কেন, তা অনেকেরই অজানা। আসলে এই বিশেষ নকশার উদ্দেশ্য শুধু সুবিধা নয়, পরিচ্ছন্নতা বজায় রাখা, সংক্রমণের ঝুঁকি কমানো এবং রক্ষণাবেক্ষণ সহজ করা। জেনে নিন এর পিছনের বৈজ্ঞানিক ও ব্যবহারিক কারণ।













