বর্তমান সময়ে প্লাস্টিক দূষণ পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। রাস্তা, বাজার, খেলার মাঠ—প্রায় সর্বত্র ছড়িয়ে থাকা প্লাস্টিকের বোতল প্রকৃতির ভারসাম্য নষ্ট করছে। এই পরিস্থিতিতে পরিবেশ রক্ষায় প্রশংসনীয় ও সৃজনশীল উদ্যোগ নিল পুরুলিয়ার রঘুনাথপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসন। ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল পুনর্ব্যবহার করে তৈরি করা হয়েছে পরিবেশবান্ধব বিশ্রামস্থল ও ব্লক কার্যালয়ের দেওয়াল।
প্লাস্টিক বর্জ্যেই পরিবেশ রক্ষার পথ
রঘুনাথপুর ১ নম্বর ব্লক কার্যালয় চত্বরে ছড়িয়ে থাকা ব্যবহৃত প্লাস্টিকের জলের বোতল সংগ্রহ করেই এই উদ্যোগের সূচনা। সেগুলিকেই পুনর্ব্যবহার করে তৈরি হয়েছে দেওয়াল ও বসার জায়গা। এতে একদিকে যেমন প্লাস্টিক বর্জ্য কমানো সম্ভব হয়েছে, তেমনই ব্লক কার্যালয়ের পরিবেশও হয়েছে আরও সুন্দর ও আকর্ষণীয়।
প্রশাসনের পরিকল্পনায় বাস্তব রূপ
ব্লক প্রশাসনের পরিকল্পনায় এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে পঞ্চায়েত সমিতির সক্রিয় সহযোগিতায়। সাধারণ মানুষের জন্য আরামদায়ক বসার জায়গা তৈরি হওয়ায় ব্লক কার্যালয়ে আসা নাগরিকরাও উপকৃত হচ্ছেন।
জনপ্রতিনিধিদের প্রতিক্রিয়া
পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুরমনি মুর্মু বলেন,“এই উদ্যোগের ফলে ব্লক কার্যালয়ের পরিবেশ যেমন সুস্থ থাকবে, তেমনই সাধারণ মানুষের মধ্যেও প্লাস্টিক বর্জ্য ব্যবহারের বিষয়ে সচেতনতা বাড়বে। ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে প্লাস্টিক বোতল সংগ্রহ করেই এই কাজ করা হয়েছে এবং ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত থাকবে।”পাশাপাশি সহকারী সভাপতি প্রকাশ সিং দেও জানান,“দিন দিন পরিবেশ দূষণের মাত্রা বাড়ছে। তাই প্রশাসনের তরফে নানা ক্ষেত্রেই উদ্যোগ নেওয়া হচ্ছে। এই প্রকল্প তারই একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।”
পরিবেশপ্রেমীদের প্রশংসা
এলাকার পরিবেশপ্রেমী নবীন চক্রবর্তী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন,“এটি সত্যিই একটি অভিনব ও সুন্দর উদ্যোগ। এতে একদিকে যেমন প্লাস্টিক ব্যবহারের বিষয়ে মানুষ সচেতন হবে, তেমনই সমাজ ধীরে ধীরে দূষণমুক্ত হওয়ার পথে এগোবে।”
প্লাস্টিক দূষণ কমাতে ব্যতিক্রমী পদক্ষেপ নিল পুরুলিয়ার রঘুনাথপুর ১ নম্বর ব্লক প্রশাসন। ফেলে দেওয়া প্লাস্টিকের জলের বোতল পুনর্ব্যবহার করে তৈরি হয়েছে ব্লক কার্যালয়ের দেওয়াল ও সাধারণ মানুষের বসার জন্য পরিবেশবান্ধব বিশ্রামস্থল। এই উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে এলাকাবাসীর।













