সংগ্রাম যদি শিক্ষক হয়, সাফল্য তবে তার ছাত্র—এই কথাটির বাস্তব উদাহরণ আলখ পাণ্ডে। আর্থিক অনটন, পড়াশোনা ছেড়ে দেওয়ার যন্ত্রণা, অনিশ্চিত ভবিষ্যৎ—সবকিছুকে পিছনে ফেলে আজ তিনি গড়ে তুলেছেন হাজার কোটি টাকার শিক্ষা সাম্রাজ্য। কুঁড়েঘর থেকে কর্পোরেট দুনিয়ার শীর্ষে পৌঁছনোর এই যাত্রা আজ গোটা দেশের কাছে এক অনুপ্রেরণার গল্প।
প্রয়াগরাজে জন্ম, ছোটবেলা থেকেই সংগ্রামের পাঠ
১৯৯১ সালের ২ অক্টোবর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে জন্ম আলখ পাণ্ডের। বাবা সতীশ পাণ্ডে ছিলেন ঠিকাদার। প্রাথমিক শিক্ষা শেষ করেন বিশপ জনসন স্কুলে। পড়াশোনায় মেধাবী হলেও আইআইটি-তে সুযোগ না পেয়ে ভর্তি হন কানপুরের হারকোর্ট বাটলার টেকনিক্যাল ইনস্টিটিউট (এইচবিটিআই)-এ। তবে আর্থিক ও পারিবারিক চাপে চতুর্থ বর্ষেই পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হন তিনি।
বাড়ি বিক্রি, কুঁড়েঘরে জীবন আর টিউশনের শুরু
এক সময় আর্থিক সংকট এতটাই চরমে ওঠে যে পরিবারকে বাড়ি পর্যন্ত বিক্রি করতে হয়। মাথার উপর ছাদ হারিয়ে কুঁড়েঘরে দিন কাটাতে হয় পরিবারকে। সেই পরিস্থিতিতে সংসার চালানোর জন্য আলখ পাণ্ডে শুরু করেন টিউশন পড়ানো। একাদশ শ্রেণিতে পড়ার সময় থেকেই তাঁর শিক্ষকতা জীবন শুরু—বার্ষিক আয় ছিল মাত্র কয়েক হাজার টাকা।
‘Physics Wallah’—স্বপ্ন থেকে ব্র্যান্ড
সংসারের দায়িত্ব সামলেও নিজের স্বপ্ন ছাড়েননি আলখ পাণ্ডে। ২০১৪ সালের ২৮ জানুয়ারি শুরু হয় ‘ফিজিক্স ওয়ালা’। ২০১৬ সালে চালু করেন ‘Physics Wallah’ ইউটিউব চ্যানেল এবং ২০১৮ সালে আসে একই নামের শিক্ষামূলক অ্যাপ। শুরুতে ভিউ কম থাকলেও তাঁর সহজ ভাষা, বাস্তব উদাহরণ ও সৎ পড়ানোর ভঙ্গি দ্রুত ছাত্রছাত্রীদের মন জয় করে নেয়।
ইউটিউব থেকে ইউনিকর্ন—শিক্ষাক্ষেত্রে বিপ্লব
আজ Physics Wallah শুধুই একটি ইউটিউব চ্যানেল নয়, বরং ভারতের অন্যতম বড় এডটেক সংস্থা। লক্ষ লক্ষ ছাত্রছাত্রী কম খরচে মানসম্মত শিক্ষার সুযোগ পাচ্ছে। আলখ পাণ্ডের জীবন অবলম্বনে তৈরি হয়েছে ‘Physics Wallah’ নামে ওয়েব সিরিজ, যা অ্যামাজন মিনি টিভিতে সম্প্রচারিত হয়েছে।
দেশের ধনী শিক্ষকদের শীর্ষে
শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য উত্তরপ্রদেশ সরকার তাঁকে ‘ইউপি গৌরব সম্মান’-এ সম্মানিত করে। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী, আলখ পাণ্ডের মোট সম্পদের পরিমাণ প্রায় ১৪,৫১০ কোটি টাকা—যা অনেক বলিউড তারকার সম্পদের থেকেও বেশি। এই কৃতিত্বই তাঁকে দেশের সবচেয়ে ধনী শিক্ষক হিসেবে পরিচিত করেছে।
এক সময় ঘর বিক্রি করে কুঁড়েঘরে থাকা, টিউশন পড়িয়ে কোনও রকমে সংসার চালানো—সেই মানুষটিই আজ হাজার হাজার কোটি টাকার সংস্থার মালিক। Physics Wallah-এর প্রতিষ্ঠাতা আলখ পাণ্ডে আজ দেশের সবচেয়ে ধনী শিক্ষক ও লক্ষ লক্ষ তরুণের অনুপ্রেরণা।













