গরম গরম রুটি খেতে যতটা ভালো লাগে, ঠান্ডা হয়ে শক্ত রুটি খেতে ততটাই বিরক্তিকর। অনেকেই অভিযোগ করেন, বাড়িতে বানানো রুটি কয়েক ঘণ্টা পরেই শক্ত হয়ে যায়। অথচ রেস্তোরাঁ বা হোটেলের রুটি দীর্ঘক্ষণ নরম থাকে। রান্নাঘরের খুব সাধারণ একটি উপাদান ব্যবহার করেই কিন্তু এই সমস্যার সমাধান সম্ভব। বিশেষজ্ঞদের মতে, আটা মাখার সময় সামান্য দই মেশালে রুটি অনেক বেশি নরম ও সুস্বাদু হয়।
দই মেশালেই বদলে যাবে রুটির টেক্সচার
রুটি নরম রাখার সবচেয়ে কার্যকর উপায়গুলির মধ্যে অন্যতম হল আটা বা ময়দার সঙ্গে দই মেশানো। সাধারণত শুধু জল দিয়ে আটা মাখা হয়। তবে দুই থেকে তিন চামচ টাটকা দই মিশিয়ে মাখলে রুটির গঠন অনেক বেশি নরম হয়। দই আটার গ্লুটেনকে আরও উন্নত করে, ফলে রুটি দীর্ঘক্ষণ তুলতুলে থাকে।
গরম জল ব্যবহার করলে মাখা আটা হয় আরও নরম
আটা মাখার সময় অনেকেই ঠান্ডা জল ব্যবহার করেন। কিন্তু হালকা গরম জল ব্যবহার করলে আটা অনেক বেশি মোলায়েম হয়। এতে রুটি বেলার সময়ও সুবিধা হয় এবং রুটি ফুলে ওঠে ভালোভাবে। বিশেষ করে শীতকালে এই কৌশল অত্যন্ত কার্যকর।
তেল বা ঘি মেশালে রুটি ভাঙবে না
রুটি নরম রাখতে আটা মাখার সময় এক চামচ তেল বা ঘি মিশিয়ে নেওয়া যেতে পারে। এতে রুটি শুকিয়ে যায় না এবং ঠান্ডা হওয়ার পরেও ভেঙে যাওয়ার সম্ভাবনা কমে। পাশাপাশি রুটির স্বাদও আরও ভালো হয়।
আটা মেখেই রুটি বানাবেন না
রুটি নরম করার আরও একটি গুরুত্বপূর্ণ কৌশল হল আটা মেখে কিছুক্ষণ রেখে দেওয়া। মাখা আটা ভেজা কাপড় দিয়ে ঢেকে অন্তত ১৫ থেকে ২০ মিনিট রেখে দিলে আটা ভালোভাবে সেট হয়। এতে রুটি বেলার সময় মসৃণ হয় এবং ফুলতেও সুবিধা হয়।
বেশি সময় মাখলে বাড়ে স্থিতিস্থাপকতা
আটা যত ভালোভাবে মাখা হবে, রুটি তত নরম হবে। বিশেষজ্ঞরা বলছেন, আটাকে স্থিতিস্থাপক বা ইলাস্টিক না হওয়া পর্যন্ত মাখা উচিত। এতে রুটি শুধু ফুলবেই না, দীর্ঘক্ষণ নরমও থাকবে।
বাড়িতে তৈরি রুটি অনেক সময় কিছুক্ষণের মধ্যেই শক্ত হয়ে যায়। তবে রান্নাঘরের এক সহজ কৌশলেই মিলতে পারে হোটেলের মতো নরম, তুলতুলে রুটি। আটা বা ময়দা মাখার সময় সামান্য দই ব্যবহার করলেই দীর্ঘক্ষণ নরম থাকবে রুটি, বাড়বে স্বাদও।













