Health Tips: বর্তমান সময়ে স্ট্রোক একটি নীরব ঘাতকের মতো দ্রুত বাড়ছে। বয়স বা জীবনযাত্রা নির্বিশেষে যে কাউকে আঘাত করতে পারে এই সমস্যা। তবে আশার কথা, শরীর আগে থেকেই কিছু সংকেত দেয়—সেগুলো বুঝে দ্রুত চিকিৎসা নিলে প্রাণরক্ষা সম্ভব।
কীভাবে হয় স্ট্রোক?
বিশেষজ্ঞদের মতে, মস্তিষ্কে রক্ত চলাচল হঠাৎ বন্ধ হয়ে গেলে বা কোনও রক্তনালি ফেটে গেলে স্ট্রোক হয়। এর ফলে মস্তিষ্কের নির্দিষ্ট অংশ অক্সিজেন ও পুষ্টির অভাবে ক্ষতিগ্রস্ত হয়। সময়মতো চিকিৎসা না পেলে এই ক্ষতি স্থায়ীও হতে পারে।
চোখ ও কানের সমস্যাও বিপদের ইঙ্গিত
স্ট্রোকের ক্ষেত্রে অনেক সময় প্রথম লক্ষণ দেখা দেয় চোখ ও কানে। হঠাৎ ঝাপসা দেখা, দ্বিগুণ দেখা, এক চোখে কম দেখা বা কানে কম শোনার মতো উপসর্গ আচমকাই শুরু হতে পারে। অনেকেই এটিকে সাময়িক সমস্যা ভেবে এড়িয়ে যান, যা মারাত্মক ভুল।
শরীর অবশ লাগা বা অনুভূতি কমে যাওয়া
হাত-পা বা মুখের একপাশ হঠাৎ অবশ হয়ে যাওয়া, স্পর্শের অনুভূতি কমে যাওয়া—এই লক্ষণগুলিও স্ট্রোকের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। আংশিক বা সম্পূর্ণ অবশভাব দেখা দিলে এক মুহূর্তও দেরি করা উচিত নয়।
কথা জড়িয়ে যাওয়া ও আচরণে বদল
চিকিৎসক অনুপম ভট্টাচার্যের কথায়, অনেক সময় স্ট্রোকের শুরুতে কথা জড়িয়ে যায়, সঠিক শব্দ খুঁজে পাওয়া যায় না বা আচরণে অস্বাভাবিক পরিবর্তন দেখা দেয়। কখনও কখনও এই লক্ষণগুলো কিছুক্ষণের মধ্যে মিলিয়ে গেলেও তা বিপজ্জনক হতে পারে।
‘মিনি স্ট্রোক’-এর ঝুঁকি
এই ধরনের সাময়িক উপসর্গকে বলা হয় ট্রান্সিয়েন্ট ইস্কেমিক অ্যাটাক বা ‘মিনি স্ট্রোক’। চিকিৎসকদের মতে, এটি ভবিষ্যতে বড় স্ট্রোকের পূর্বাভাস হতে পারে। তাই উপসর্গ নিজে থেকেই সেরে গেলেও চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।
স্ট্রোক মানেই শুধু বুকে ব্যথা নয়। হঠাৎ দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া, কানে কম শোনা, কথা জড়িয়ে যাওয়া বা শরীর অবশ লাগাও হতে পারে স্ট্রোকের প্রাথমিক লক্ষণ। চিকিৎসকদের মতে, এই উপসর্গগুলিকে হালকাভাবে নিলে ভবিষ্যতে বড় বিপদ ডেকে আনতে পারে।













