চোখের তলায় কালি, শুষ্ক ত্বক বা চুল পড়া—সমাধান হিসেবে অনেকেই এখন ভিটামিন-ই ক্যাপসুল ভেঙে সরাসরি ত্বকে মাখছেন। সোশ্যাল মিডিয়ার টিপস মেনে চলার আগে জেনে নেওয়া জরুরি, এই ‘সহজ উপায়’ সবসময় নিরাপদ নয়। ভুল ব্যবহারে লাভের বদলে ক্ষতিই বেশি হতে পারে।

ভিটামিন-ই কেন জনপ্রিয়?
ভিটামিন-ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্ট, যার মধ্যে আলফা-টোকোফেরল উপাদান থাকে। এটি ত্বককে সূর্যের অতিবেগনি রশ্মির ক্ষতি থেকে কিছুটা রক্ষা করতে সাহায্য করে এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহায়ক। তাই ফেস প্যাক, হেয়ার মাস্ক কিংবা আন্ডার-আই ট্রিটমেন্টে এর ব্যবহার বেড়েছে।
সরাসরি ত্বকে ব্যবহার কতটা নিরাপদ?
বিশেষজ্ঞরা বলছেন, ক্যাপসুল ভেঙে সরাসরি নির্যাস ত্বকে লাগানো ঠিক নয়। এতে ত্বকে জ্বালা, লালচে ভাব, ব্রণ বা অ্যালার্জি দেখা দিতে পারে। যাঁদের ত্বক স্পর্শকাতর বা আগে থেকেই ত্বকের সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি।বিশেষ করে সোরিয়াসিস বা কনট্যাক্ট ডার্মাটাইটিস-এ ভোগা ব্যক্তিদের সরাসরি প্রয়োগ এড়ানো উচিত।

কীভাবে ব্যবহার করলে তুলনামূলক নিরাপদ?
চিকিৎসকদের পরামর্শ, সরাসরি নয়—বরং দই, মধু, হলুদ বা পাকা পেঁপের সঙ্গে মিশিয়ে ফেস প্যাক তৈরি করে ব্যবহার করা যেতে পারে। তবু ব্যবহারের আগে ‘প্যাচ টেস্ট’ করা জরুরি। ত্বক বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া দীর্ঘদিন নিয়মিত ব্যবহার না করাই ভালো।
ভিটামিন-ই টক্সিসিটি কী?
যখন শরীরে প্রয়োজনের তুলনায় বেশি ভিটামিন-ই জমা হয়, তখন তাকে ভিটামিন-ই টক্সিসিটি বলা হয়। প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন প্রায় ১৫ মিলিগ্রাম ভিটামিন-ই যথেষ্ট। এর বেশি দীর্ঘদিন গ্রহণ করলে শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।

অতিরিক্ত ভিটামিন-ইয়ের ঝুঁকি
অতিরিক্ত ভিটামিন-ই রক্তকে তরল করে দেয়, ফলে রক্ত জমাট বাঁধতে সমস্যা হয়। সার্জারি বা আঘাতের সময় অতিরিক্ত রক্তপাতের ঝুঁকি তৈরি হতে পারে।এছাড়াও এটি কিছু ওষুধের কার্যকারিতায় বাধা দেয়—যেমন Aspirin ও Warfarin-এর মতো ব্লাড থিনার। ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত Tamoxifen এবং ইমিউনোসাপ্রেসেন্ট Cyclosporine-এর কার্যকারিতাও কমে যেতে পারে।বিশেষজ্ঞদের মতে, অত্যধিক মাত্রায় গ্রহণ করলে হেমারেজিক স্ট্রোকের ঝুঁকিও বাড়তে পারে।
কোন খাবারে প্রাকৃতিক ভিটামিন-ই পাবেন?
সয়াবিন তেল, সূর্যমুখী তেল, কর্ন অয়েল, কাঠবাদাম, সূর্যমুখীর বীজ, পিনাট বাটার, কিউই, আম, টম্যাটো, পালং শাক ও ব্রকোলিতে প্রাকৃতিকভাবে ভিটামিন-ই পাওয়া যায়। খাবারের মাধ্যমে গ্রহণই সবচেয়ে নিরাপদ উপায় বলে মনে করছেন পুষ্টিবিদরা।

ত্বক ও চুলের যত্নে ভিটামিন-ই ক্যাপসুল এখন জনপ্রিয়। কিন্তু অতিরিক্ত বা ভুলভাবে ব্যবহার করলে দেখা দিতে পারে ‘ভিটামিন-ই টক্সিসিটি’। বিশেষজ্ঞদের মতে, প্রয়োজনের বেশি গ্রহণ করলে রক্তক্ষরণ, ওষুধের সঙ্গে পার্শ্বপ্রতিক্রিয়া এমনকি স্ট্রোকের ঝুঁকিও বাড়তে পারে।













