Winter Hair Care: শীত মানেই ত্বক ও চুলের জন্য বাড়তি বিপদ। বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে যাওয়ায় স্ক্যাল্প তার প্রাকৃতিক তেল হারায়, ফলে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে। এর ফল—অতিরিক্ত চুল পড়া, রুক্ষতা ও ডগা ফাটা। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শীতের এই সমস্যা এড়াতে স্ক্যাল্পে তেল দেওয়া অত্যন্ত জরুরি, তবে তা সঠিক পদ্ধতিতে।

শীতে কেন স্ক্যাল্পে তেল দেওয়া জরুরি
শীতকালে ধুলোবালি ও দূষণের প্রভাব তুলনামূলক বেশি থাকে। এর সঙ্গে কম আর্দ্রতা স্ক্যাল্পকে শুষ্ক করে তোলে। তেল স্ক্যাল্পে প্রয়োজনীয় পুষ্টি জোগায়, রক্ত সঞ্চালন বাড়ায় এবং চুলের গোড়া মজবুত করে।
কোন তেল ব্যবহার করবেন?
চিকিৎসকদের মতে, শীতে নারকেল তেল বা আমন্ড অয়েল সবচেয়ে উপকারী। সামান্য গরম করে নিলে তেল আরও ভালোভাবে স্ক্যাল্পে কাজ করে।

তেল লাগানোর সঠিক নিয়ম
সপ্তাহে অন্তত ২–৩ দিন অল্প পরিমাণ তেল নিয়ে স্ক্যাল্পে ভাল করে মালিশ করুন। অতিরিক্ত তেল ব্যবহার করলে উপকার বাড়ে না। তেল লাগানোর ১ ঘণ্টার মধ্যেই শ্যাম্পু করে ফেলুন। সারারাত তেল রেখে দেওয়ার অভ্যাস চুলের ক্ষতি করতে পারে।
শীতকালে শ্যাম্পু করবেন কীভাবে
অনেকে শীতে চুল ভেজাতে চান না, কিন্তু দিনের পর দিন শ্যাম্পু না করলে স্ক্যাল্প অপরিষ্কার থাকে। সপ্তাহে ২–৩ দিন মাইল্ড শ্যাম্পু ব্যবহার করাই আদর্শ।

হেয়ার টুল ব্যবহারে সতর্কতা
ব্লো ড্রায়ার, স্ট্রেটনার বা কার্লার অতিরিক্ত ব্যবহার শীতে চুল আরও রুক্ষ করে তোলে। প্রয়োজনে ব্যবহার করলে অবশ্যই হিট প্রোটেকশন সিরাম লাগান।

সপ্তাহে একদিন হেয়ার প্যাক মাস্ট
শীতে চুলে প্রোটিনের ঘাটতি পূরণ করতে সপ্তাহে অন্তত একদিন হেয়ার প্যাক ব্যবহার করুন। হেনা পাউডার ও টক দই বা ডিম ও দই মিশিয়ে ঘরোয়া হেয়ার প্যাক তৈরি করতে পারেন।

শীতকালে শুষ্ক আবহাওয়ার প্রভাবে স্ক্যাল্প রুক্ষ হয়ে চুল পড়া বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে, সঠিক নিয়মে তেল মালিশ, শ্যাম্পু ও হেয়ার প্যাক ব্যবহার করলে এই সমস্যা সহজেই নিয়ন্ত্রণে আনা সম্ভব।













