ঘরে ঘরে সুগার মেশিন, মিষ্টি বর্জনের সতর্কতা, নিয়মিত ওষুধ—ডায়াবেটিস আজ ভারতীয় জীবনের নিত্যসঙ্গী। এমন প্রায় কোনও পরিবার নেই, যেখানে এই রোগের ছায়া পড়েনি। অথচ মাত্র ৫০ বছর আগেও এই অসুখ ছিল বিরল। তাহলে কী এমন বদলে গেল, যে আজ ১০ কোটির বেশি ভারতীয়ের শরীর ধীরে ধীরে কুরে কুরে খাচ্ছে ডায়াবেটিস?

চমকে দেওয়া পরিসংখ্যান: কত মানুষ আক্রান্ত?
‘দ্য ল্যানসেট ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রিনোলজি’-তে প্রকাশিত ২০২৩ সালের গবেষণা অনুযায়ী, ভারতের মোট জনসংখ্যার প্রায় ১১.৪ শতাংশ, অর্থাৎ ১০.১ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। শুধু তাই নয়, আরও ১৫.৩ শতাংশ বা ১৩.৬ কোটি মানুষ রয়েছেন প্রি-ডায়াবেটিক পর্যায়ে। এই গবেষণা চালিয়েছে ICMR ও মাদ্রাজ ডায়াবেটিস রিসার্চ ফাউন্ডেশন।
৫০ বছরে কেন এত বাড়ল ডায়াবেটিস?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক বিতর্ক নতুন করে প্রশ্ন তুলেছে—জিন তো একই, তাহলে রোগ এত বাড়ল কেন? বিশেষজ্ঞদের মতে, মূল পরিবর্তন হয়েছে জীবনযাপন ও খাদ্যাভ্যাসে। আগের প্রজন্মের তুলনায় আজ মানুষ বেশি খাচ্ছে, বেশি বার খাচ্ছে এবং কম নড়াচড়া করছে।

খাবারের থালায় বড় পরিবর্তন
আগে যেখানে বাড়িতে রান্না করা সাধারণ খাবারই ছিল ভরসা, এখন সেখানে ঢুকেছে প্যাকেটজাত ও অতি-প্রক্রিয়াজাত খাবার। চিনি, নুন ও অস্বাস্থ্যকর চর্বি ভরা জাঙ্ক ফুড সহজলভ্য হওয়ায় ক্যালোরি গ্রহণ বেড়েছে বহুগুণ। বাইরে খাওয়ার প্রবণতাও আগের তুলনায় অনেক বেশি।
অলস জীবনযাপনই বড় শত্রু
দীর্ঘ সময় বসে কাজ করা, অফিসে যাতায়াতে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট, প্রযুক্তিনির্ভর জীবন—সব মিলিয়ে শারীরিক পরিশ্রম কমেছে মারাত্মকভাবে। হাঁটা, খেলাধুলা বা নিয়মিত ব্যায়াম অনেকের জীবন থেকেই প্রায় উধাও।

আগে ধরা পড়ত না, এখন ধরা পড়ছে
বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, আগে ডায়াবেটিস শনাক্তের সুযোগ কম ছিল। বহু মানুষ রোগ নিয়েই বেঁচে থাকলেও তা ধরা পড়ত না। এখন পরীক্ষা সহজ হওয়ায় প্রকৃত ছবিটা সামনে আসছে।
ডায়াবেটিসের ভয়ংকর প্রভাব
নিয়ন্ত্রণে না থাকলে ডায়াবেটিস থেকে হতে পারে—
হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি ২–৩ গুণ বেশি
কিডনি বিকল হওয়া
চোখের রেটিনার ক্ষতি, অন্ধত্ব
স্নায়ুর ক্ষতি ও পায়ে ঘা
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বহু মানুষ এখনও জানেনই না যে তারা ডায়াবেটিসে আক্রান্ত, যা বিপদ আরও বাড়াচ্ছে।

ভারতে ডায়াবেটিস এখন আর ব্যক্তিগত অসুখ নয়, সামাজিক সংকট। সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে, দেশের প্রায় ১০.১ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত এবং আরও ১৩.৬ কোটি প্রি-ডায়াবেটিক। গত ৫০ বছরে খাদ্যাভ্যাস, জীবনযাপন ও কাজের ধরনে কী পরিবর্তন এল, আর কেনই বা এই রোগ এমনভাবে গ্রাস করছে পরিবারে-পরিবারে—রইল বিস্তারিত বিশ্লেষণ।













