শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির কোলে একদিন কাটাতে চাইলে আর দূরে যেতে হবে না। মালদহ জেলার নির্জন ঘন জঙ্গলের মাঝে গড়ে ওঠা আদিনা ফরেস্ট মিনি জু, জনপ্রিয় নাম আদিনা ডিয়ার পার্ক, এখন জেলার অন্যতম আকর্ষণীয় পিকনিক স্পট। সবুজ অরণ্যের ভেতরে ঘুরে বেড়াচ্ছে চিতল হরিণ, নীল গাই—পাশাপাশি নজর কাড়ছে রঙিন বিদেশি পাখির দল।
জঙ্গলের মাঝে চিড়িয়াখানার অনুভূতি
আদিনা ডিয়ার পার্ককে অনেকেই ফরেস্ট বলে চেনেন, আবার কেউ ডিয়ার পার্ক নামেই ডাকেন। ঘন সবুজে ঘেরা এই বনাঞ্চলে প্রবেশ করলেই মিলবে একেবারে অন্যরকম অনুভূতি। খোলা পরিবেশে খুব কাছ থেকেই দেখা যাচ্ছে চিতল হরিণ, নীল গাই থেকে শুরু করে মেছো বিড়ালের মতো বিরল প্রাণী।
বিদেশি পাখির রঙিন সমাহার
এই পার্কের অন্যতম আকর্ষণ শতাধিক বিদেশি পাখি। হোয়াইট ককাটু, গোল্ডেন ফেজেন্টের মতো দৃষ্টিনন্দন পাখি দর্শনার্থীদের নজর কেড়ে নিচ্ছে। পাখিদের স্বাভাবিক পরিবেশে দেখে মুগ্ধ হচ্ছেন শিশু থেকে বয়স্ক সকলেই।
পিকনিক স্পট হিসেবে বাড়ছে জনপ্রিয়তা
বছরের শুরু থেকেই প্রতিদিন হাজারেরও বেশি পর্যটক ভিড় জমাচ্ছেন আদিনা ডিয়ার পার্কে। কেউ পরিবার নিয়ে পিকনিক করতে আসছেন, কেউ আবার প্রিয়জনের সঙ্গে শান্ত পরিবেশে সময় কাটাতে। শহর থেকে মাত্র ২১ কিলোমিটার দূরে হওয়ায় যাতায়াতও বেশ সহজ।
খোলা থাকার সময় ও টিকিটের দাম
ডিয়ার পার্কের দায়িত্বে থাকা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ইন্দ্রজিৎ দাস জানান, ইংরেজি নববর্ষ উপলক্ষে জানুয়ারি মাসজুড়ে কোনও অফ-ডে ছাড়াই পার্ক খোলা রাখা হয়েছে।
প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য দরজা খোলা থাকে।
বড়দের টিকিট মূল্য: ২৫ টাকা
শিশুদের টিকিট মূল্য: ১০ টাকা
নিয়ম মানতেই হবে
পিকনিকের জন্য আলাদা খোলা জায়গা থাকলেও এখানে ডিজে বা বড় সাউন্ড বক্স বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। প্রকৃতির শান্ত পরিবেশ বজায় রাখতেই এই কড়াকড়ি বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
আলিপুর বা জলদাপাড়া নয়, এবার বাড়ির কাছেই চিড়িয়াখানার স্বাদ। মালদহ জেলার আদিনা ফরেস্ট মিনি জু বা ডিয়ার পার্কে শতাধিক বিদেশি পাখি ও নানা প্রজাতির হরিণ দেখতে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা।













