বর্ষা মানেই বাঙালির পাতে ইলিশ। তবে হাজার টাকার বেশি খরচ করে মাছ কিনেও যদি স্বাদ না মেলে, তাহলে হতাশ হওয়াই স্বাভাবিক। তাই বাজারে যাওয়ার আগে জেনে নিন, কোন ধরনের ইলিশ সবচেয়ে সুস্বাদু এবং কী কী লক্ষণ দেখে সহজেই ভালো ইলিশ চিনে নিতে পারবেন।
নদীর ইলিশ নাকি সমুদ্রের—কোনটি বেশি সুস্বাদু?
বিশেষজ্ঞদের মতে, সমুদ্র থেকে নদীতে প্রবেশ করার পর ইলিশের শরীরে চর্বির পরিমাণ বাড়তে থাকে। তাই নদীতে কিছুটা পথ অতিক্রম করা ইলিশের স্বাদ ও গন্ধ তুলনামূলকভাবে অনেক ভালো হয়। অন্যদিকে সমুদ্রে ধরা ইলিশে সেই স্বাদ কম থাকতে পারে।
কীভাবে চিনবেন নদীর ইলিশ?
নদীর ইলিশ সাধারণত উজ্জ্বল রুপোলি রঙের হয়।
ঘাড়ের অংশ তুলনামূলকভাবে মোটা দেখা যায়।
সমুদ্রের ইলিশের গায়ে অনেক সময় লালচে দাগ থাকে এবং ঘাড় সরু হয়।
ডিমভরা না ডিমছাড়া—কোন ইলিশ কিনবেন?
অনেকেই মনে করেন ডিমভরা ইলিশই সবচেয়ে সুস্বাদু। কিন্তু বাস্তবে বিষয়টি ভিন্ন। যখন ইলিশের পেটে ডিম আসতে শুরু করে, তখন মাছের শরীরে তেলের পরিমাণ বেশি থাকে, ফলে স্বাদও বেশি হয়। তবে ডিম পুরোপুরি তৈরি হয়ে গেলে মাছের অধিকাংশ পুষ্টি ডিমে চলে যায়। তাই একেবারে ডিমভরা বা সম্পূর্ণ ডিমছাড়া নয়, বরং পেটে অল্প ডিম থাকা ইলিশই স্বাদের দিক থেকে সেরা বলে মনে করা হয়।
শরীরের গঠনেও লুকিয়ে থাকে ভালো ইলিশের পরিচয়
ভালো মানের ইলিশের পেট সাধারণত মোটা এবং মাথা ও লেজের অংশ সরু হয়। দেখতে অনেকটা পটলের মতো গড়নের হলে সেই মাছে চর্বি বেশি থাকার সম্ভাবনা থাকে, ফলে স্বাদও ভালো হয়।
টাটকা ইলিশ চেনার সহজ উপায়
মাছ কাটার সময় রক্ত যদি লালচে হয়, তবে মাছটি টাটকা।
রক্ত কালচে হলে বুঝতে হবে মাছটি অনেকদিনের পুরোনো।
মাছের চোখ স্বচ্ছ ও লালচে আভাযুক্ত হলে তা ভালো লক্ষণ। ঘোলাটে চোখ হলে সেই মাছ এড়িয়ে চলাই ভালো।
কোন ওজনের ইলিশ সবচেয়ে সুস্বাদু?
মৎস্য বিশেষজ্ঞদের মতে, ৮০০ গ্রাম থেকে ১.৫ কেজি ওজনের ইলিশে সাধারণত ফ্যাটের পরিমাণ বেশি থাকে। ফলে এই ওজনের ইলিশ রান্নার পর সবচেয়ে বেশি স্বাদ ও সুবাস দেয়।
বাজারে ইলিশের সরবরাহ বাড়তেই ক্রেতাদের ভিড়। কিন্তু দামি এই মাছ কেনার আগে কীভাবে বুঝবেন সেটি সত্যিই ভালো? ডিমভরা, ডিমছাড়া নাকি মাঝামাঝি—কোন ইলিশের স্বাদ সবচেয়ে বেশি, আর কী কী লক্ষণ দেখে টাটকা ও সুস্বাদু ইলিশ চিনবেন, রইল বিস্তারিত।













