Birbhum News: ‘পরিচ্ছন্ন তারাপীঠ আমাদের কর্তব্য’—ঝাঁটা হাতে রাস্তায় নামলেন প্রশাসনিক কর্তারা

Birbhum News: তারাপীঠে নোংরা ও আবর্জনার অভিযোগে ঝাঁটা হাতে রাস্তায় নামলেন ডেপুটি স্পিকার ও প্রশাসনিক কর্তারা। দেড় কিলোমিটার রাস্তা পরিষ্কার করে দিলেন পরিচ্ছন্নতার বার্তা।

মা তারার দর্শনে প্রতিদিন হাজার হাজার ভক্তের সমাগম হলেও, তারাপীঠের রাস্তার নোংরা ও আবর্জনা দীর্ঘদিন ধরেই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। পর্যটক ও তীর্থযাত্রীদের একাধিক অভিযোগের পর অবশেষে নিজেরাই রাস্তায় নেমে পড়লেন প্রশাসনিক কর্তারা। লক্ষ্য একটাই—পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যকর তারাপীঠ গড়ে তোলা।

উন্নয়ন হলেও পরিষ্কার-পরিচ্ছন্নতায় ঘাটতি

গত কয়েক বছরে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের তত্ত্বাবধানে মন্দির চত্বর ও আশপাশের এলাকায় হয়েছে একাধিক উন্নয়নমূলক কাজ। পাকা রাস্তা, মাঝখানে লোহার রেলিং, দু’ধারে ফুলের গাছ—সব মিলিয়ে বদলে গিয়েছে তারাপীঠের চেহারা। তবে সেই উন্নয়নের মধ্যেও বজ্রপদার্থ নিষ্কাশন ও আবর্জনা ব্যবস্থাপনায় বড়সড় ঘাটতি রয়ে গিয়েছে।

রাস্তাজুড়ে আবর্জনার স্তূপ, দুর্ভোগ পর্যটকদের

তারাপীঠ থেকে রামপুরহাটগামী রাস্তার দু’ধারে পড়ে থাকা নোংরা ও আবর্জনার স্তূপে চরম দুর্ভোগে পড়ছিলেন পর্যটকেরা। অনেক ক্ষেত্রেই দুর্গন্ধে রুমাল চেপে রাস্তা পার হতে হচ্ছিল ভক্তদের। প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও কিছু হোটেল মালিকের বিরুদ্ধে রাস্তার ধারে আবর্জনা ফেলার অভিযোগ উঠেছে।

দ্বারকা নদী দূষণের অভিযোগ

শুধু রাস্তা নয়, তারাপীঠের দ্বারকা নদীতেও দূষণের অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, কয়েকটি হোটেল কর্তৃপক্ষ হোটেলের নোংরা জল ও আবর্জনা সরাসরি নদীতে ফেলছেন। ফলে নদীতে নেমে স্নান করাও কার্যত বন্ধ হয়ে গিয়েছে। বিষয়টি নিয়ে পর্যটকেরা একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন।

ঝাঁটা হাতে পথে নামলেন শীর্ষ আধিকারিকরা

এই পরিস্থিতির প্রতিবাদ ও সচেতনতার বার্তা দিতেই রবিবার তারাপীঠ মন্দিরের ভিআইপি গেটের সামনে থেকে ঝাঁটা হাতে রাস্তায় নামেন পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার ডঃ আশিস বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সুকুমার মুখোপাধ্যায়, রামপুরহাট মহকুমা শাসক আশ্বিন বি রাঠোর, তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়, হোটেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুনীল গিরি সহ একাধিক প্রশাসনিক আধিকারিক।

দেড় কিলোমিটার রাস্তা পরিষ্কার

রবিবার ভিআইপি গেট থেকে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের অফিস পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ রাস্তা ঝাঁটা দিয়ে পরিষ্কার করেন প্রশাসনিক কর্তারা। এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের উদ্দেশে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে—পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের নয়, সকলের দায়িত্ব।

পুণ্যভূমি তারাপীঠকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে নজিরবিহীন উদ্যোগ নিল প্রশাসন। দীর্ঘদিন ধরে আবর্জনা ও নোংরার অভিযোগ সামনে আসতেই রবিবার ঝাঁটা হাতে রাস্তায় নামলেন বিধানসভার ডেপুটি স্পিকার থেকে শুরু করে একাধিক প্রশাসনিক আধিকারিক। প্রায় দেড় কিলোমিটার রাস্তা পরিষ্কার করে দেওয়া হল সচেতনতার বার্তা।

Leave a comment