ভ্রমণে গিয়ে সকালে হোটেলে পৌঁছে রুম না পেয়ে বিরক্ত হয়েছেন? এমন অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। তবে এই নিয়ম শুধুমাত্র অতিথিদের অপেক্ষা করানোর জন্য নয়। বরং প্রতিটি রুম নিরাপদ, পরিষ্কার এবং পরবর্তী অতিথির জন্য প্রস্তুত রাখতে বিশ্বজুড়েই এই সময়সূচি অনুসরণ করা হয়।
দুপুরেই কেন নির্ধারিত থাকে চেক-ইন?
বেশিরভাগ হোটেলে অতিথিদের চেক-আউটের সময় সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে। এরপরই হাউসকিপিং কর্মীরা প্রতিটি রুম পরিষ্কার ও নতুন অতিথির জন্য প্রস্তুত করার কাজ শুরু করেন। এই পুরো প্রক্রিয়ায় কয়েক ঘণ্টা সময় লাগে বলেই সাধারণত দুপুর ১২টা বা ২টার আগে নতুন অতিথিদের রুম দেওয়া হয় না।
রুম প্রস্তুত করতে কী কী কাজ করা হয়?
একজন অতিথি চলে যাওয়ার পর হোটেল কর্মীদের একাধিক কাজ সম্পন্ন করতে হয়। যেমন—
বিছানার চাদর ও বালিশের কভার বদলানো
বাথরুম জীবাণুমুক্ত করা
নতুন তোয়ালে ও টয়লেট্রিজ রাখা
ভ্যাকুয়াম ক্লিনিং
পানীয় জল, সাবান, শ্যাম্পুসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পুনরায় সাজিয়ে রাখা
এই সব কাজ শেষ করেই নতুন অতিথির হাতে রুম তুলে দেওয়া হয়।
সময় ব্যবস্থাপনার জন্যও গুরুত্বপূর্ণ এই নিয়ম
একই সময়ে চেক-আউট ও চেক-ইন হওয়ায় হোটেলের হাউসকিপিং ও ফ্রন্ট ডেস্ক কর্মীরা সহজে পরিকল্পনা করতে পারেন। এতে কোন রুম খালি, কোনটি পরিষ্কার হয়েছে এবং কোনটি প্রস্তুত—সব তথ্য দ্রুত আপডেট হয়। ফলে রুম বরাদ্দে ভুল বা ওভারবুকিংয়ের সম্ভাবনাও কমে যায়।
সকালে রুম পাওয়া কি অসম্ভব?
সব সময় নয়। যদি হোটেলে খালি ও প্রস্তুত রুম থাকে, তাহলে আগেভাগে চেক-ইনের সুযোগ মিলতে পারে। তবে অনেক হোটেল এই পরিষেবার জন্য অতিরিক্ত চার্জ নেয়। তাই খুব সকালে পৌঁছানোর পরিকল্পনা থাকলে বুকিংয়ের সময়ই 'আর্লি চেক-ইন' সম্পর্কে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেওয়াই ভালো।
হোটেলে রুম বুক করলেও বেশিরভাগ ক্ষেত্রে দুপুর ১২টা বা ২টার আগে চেক-ইনের সুযোগ মেলে না। অনেকেই এটিকে শুধুই নিয়ম মনে করলেও এর পিছনে রয়েছে পরিচ্ছন্নতা, সময় ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক আতিথেয়তা শিল্পের নির্দিষ্ট নীতি।













