সাঁতারে হাওড়ার মুখ উজ্জ্বল করলেন তাহরিনা! ৩৫ কিমি ওপেন ওয়াটার সুইমে নতুন ইতিহাস বঙ্গকন্যার

সাঁতারে হাওড়ার মুখ উজ্জ্বল করলেন তাহরিনা! ৩৫ কিমি ওপেন ওয়াটার সুইমে নতুন ইতিহাস বঙ্গকন্যার

আরও একবার জাতীয় মানচিত্রে উজ্জ্বল হল হাওড়া। ওপেন ওয়াটার সুইমিংয়ে নজির গড়ে ফেললেন হাওড়া জেলার উলুবেড়িয়ার কন্যা তাহরিনা নাসরিন। ‘দ্য ধারামতার গেটওয়ে’ বা মুম্বাই গেটওয়ে হিসেবে পরিচিত জলপথে সাঁতার কেটে ৩৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ইতিহাস সৃষ্টি করলেন তিনি।

উত্তাল সমুদ্রেই শুরু চ্যালেঞ্জ

এই ওপেন ওয়াটার সুইমিং মোটেও সহজ ছিল না। দীর্ঘ জলপথে একদিকে উত্তাল ঢেউ, অন্যদিকে জেলিফিশের উপস্থিতি ও মালবাহী জাহাজের চলাচল—সব মিলিয়ে বিপজ্জনক পরিস্থিতি। তার উপর জলে ভাসতে থাকা প্লাস্টিক বোতল ও আবর্জনা তৈরি করেছিল অতিরিক্ত বাধা।

৯ ঘণ্টা ১৯ মিনিটে ৩৫ কিমি জয়

সব বাধা উপেক্ষা করে তাহরিনা মাত্র ৯ ঘণ্টা ১৯ মিনিটে ৩৫ কিলোমিটার সাঁতার সম্পূর্ণ করেন। এই সাফল্যের মাধ্যমে তিনি বাংলার মহিলা হিসেবে প্রথম এই রেকর্ড গড়লেন। উলুবেড়িয়ার মেয়ের এই কৃতিত্বে গর্বিত গোটা হাওড়া।

ভোর থেকে দুপুর—রেকর্ড গড়ার সময়রেখা

৯ জানুয়ারি ভোর ৪টা ০৬ মিনিটে জলে নামেন তাহরিনা। দীর্ঘ লড়াই শেষে দুপুর ১টা ২৫ মিনিটে নির্ধারিত গন্তব্যে পৌঁছন তিনি। প্রতিটি মিনিট ছিল ধৈর্য, শক্তি আর মানসিক দৃঢ়তার পরীক্ষা।

সবচেয়ে কঠিন মুহূর্ত নদী থেকে সমুদ্রে প্রবেশ

নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তাহরিনা জানান, প্রায় দুই বছর সাঁতার থেকে দূরে থাকার পর এই সাফল্য তাঁর কাছে বিশেষ। সবচেয়ে কঠিন মুহূর্ত ছিল নদী থেকে সমুদ্রে ঢোকার সময়। নির্ধারিত সময়ের মাত্র পাঁচ মিনিট দেরি হওয়ায় ভয়ঙ্কর ট্রং কারেন্টের মুখে পড়তে হয় তাঁকে।

এক ঘণ্টা একই জায়গায় লড়াই ঢেউয়ের সঙ্গে

সমুদ্রের বিশাল ঢেউয়ের সঙ্গে লড়াই করে প্রায় এক ঘণ্টা একই জায়গায় সাঁতার কাটতে হয়েছিল তাঁকে। তবুও হার মানেননি। মানসিক জোর আর অভিজ্ঞতার জোরেই শেষ পর্যন্ত সফল হন এই বঙ্গকন্যা।

উত্তাল সমুদ্র, জেলিফিশের ভয় আর ট্রং কারেন্টের বাধা পেরিয়ে ৩৫ কিলোমিটার ওপেন ওয়াটার সাঁতার সম্পূর্ণ করলেন হাওড়ার উলুবেড়িয়ার তাহরিনা নাসরিন। ৯ ঘণ্টা ১৯ মিনিটে এই কঠিন চ্যালেঞ্জ শেষ করে বাংলার মহিলা হিসেবে গড়লেন অনন্য রেকর্ড।

Leave a comment