রান্নাঘর যতই পরিষ্কার রাখুন না কেন, কাঠের ক্যাবিনেটের দরজায় তেল ও মশলার আস্তরণ পড়বেই। দিনের পর দিন সেই ময়লা জমতে জমতে ক্যাবিনেট হয়ে ওঠে আঠালো ও বিবর্ণ। তখন শক্ত করে ঘষাঘষি করেও সহজে দাগ উঠতে চায় না। কিন্তু কয়েকটি সাধারণ উপকরণ কাজে লাগিয়ে খুব সহজেই ক্যাবিনেটের জমে থাকা ময়লা পরিষ্কার করা যায়।
প্রথমেই ঝেড়ে নিন ধুলো
ক্যাবিনেট পরিষ্কার করার আগে শুকনো ডাস্টার বা নরম কাপড় দিয়ে দরজা ও ফ্রেমের ধুলো ঝেড়ে নিন। ক্যাবিনেটের ভেতর পরিষ্কার করতে হলে তাকের সমস্ত জিনিস বের করে নিন। এরপর জমে থাকা ধুলো, খাবারের কণা বা ময়লা ভালোভাবে সরিয়ে ফেলুন।এতে ভেজা কাপড় দিয়ে মোছার সময় ধুলো-ময়লা আরও ছড়িয়ে পড়বে না।
জলে মেশান সাদা ভিনিগার
একটি স্প্রে বোতলে জল ও সাদা ভিনিগার সমপরিমাণে নিন। অর্থাৎ ১:১ অনুপাতে মিশ্রণ তৈরি করুন। ক্যাবিনেটে যদি তেলের আস্তরণ বেশি থাকে, তাহলে এই মিশ্রণে অল্প ডিশওয়াশিং লিকুইড যোগ করা যেতে পারে।মিশ্রণটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন। এরপর ক্যাবিনেটের দরজা ও ফ্রেমে খুব অল্প পরিমাণে স্প্রে করুন। প্রায় এক মিনিট অপেক্ষা করে মাইক্রোফাইবার কাপড় দিয়ে আলতোভাবে মুছে ফেলুন।তবে কাঠের ক্যাবিনেটে অতিরিক্ত তরল ব্যবহার করা একেবারেই উচিত নয়। বেশি জল কাঠের ভেতরে ঢুকে গেলে কাঠ ফুলে যেতে পারে, বেঁকে যেতে পারে বা ফিনিশিং ক্ষতিগ্রস্ত হতে পারে।
তেল ও খাবারের দাগ উঠবে কীভাবে?
তেলের দাগ খুব জেদি হলে মাইক্রোফাইবার কাপড় হালকা গরম জলে ভিজিয়ে তাতে সামান্য ডিশওয়াশিং লিকুইড দিন। এবার দাগের জায়গায় খুব বেশি চাপ না দিয়ে ধীরে ধীরে ঘষুন।দাগ উঠে গেলে অন্য একটি পরিষ্কার, স্যাঁতসেঁতে কাপড় দিয়ে সাবানের অবশিষ্টাংশ মুছে ফেলুন। শেষে শুকনো নরম কাপড় দিয়ে জায়গাটি ভালোভাবে মুছে নিন।
জলের সাদা দাগের ঘরোয়া সমাধান
কাঠের ক্যাবিনেটে জলের কারণে সাদা ছোপ পড়লে অল্প পরিমাণ উদ্ভিজ্জ তেল বা মেয়োনিজ ব্যবহার করে দাগের অংশে আলতোভাবে ঘষে দেখতে পারেন। কিছুক্ষণ রেখে মাইক্রোফাইবার কাপড় দিয়ে পরিষ্কার করে নিন।আরেকটি পদ্ধতিতে সামান্য নন-জেল টুথপেস্ট নরম কাপড়ে নিয়ে দাগের উপর হালকা হাতে ঘষা যায়। পরে ভেজা কাপড় দিয়ে টুথপেস্টের অবশিষ্টাংশ তুলে শুকনো কাপড়দিয়ে পালিশ করুন।তবে যে কোনও ঘরোয়া উপায় ব্যবহারের আগে ক্যাবিনেটের লুকানো কোনও অংশে অল্প করে পরীক্ষা করে নেওয়াই নিরাপদ।
স্টিকার বা আঠার দাগও উঠবে
ক্যাবিনেটে স্টিকার লাগানোর পর আঠা থেকে গেলে প্রথমে প্লাস্টিকের স্ক্র্যাপার দিয়ে আলতো করে অবশিষ্ট অংশ তুলে নিন। এরপর নরম কাপড়ে সামান্য অলিভ অয়েল নিয়ে দাগের জায়গায় ঘষুন।আঠা নরম হয়ে এলে পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলুন। শেষে কাঠের উপযোগী ক্লিনার দিয়ে জায়গাটি পরিষ্কার করে শুকনো কাপড়ে পালিশ করা যেতে পারে।
কতদিন অন্তর পরিষ্কার করবেন?
ক্যাবিনেটের দরজা নিয়মিত পরিষ্কার করলে তেল ও ময়লার পুরু আস্তরণ জমতে পারে না। সাধারণভাবে মাসে অন্তত একবার দরজা ও বাইরের অংশ ভালোভাবে পরিষ্কার করা যেতে পারে। ক্যাবিনেটের ভেতরের তাক ব্যবহারের ধরন অনুযায়ী কয়েক মাস অন্তর পরিষ্কার করা দরকার।শেলফে খাবারের কণা ও ময়লা কম জমাতে শেলফ লাইনার ব্যবহার করা যেতে পারে। রান্নার সময় তেল বা মশলা ছিটে পড়লে পরে জমিয়ে না রেখে যত দ্রুত সম্ভব মুছে ফেলাই সবচেয়ে ভালো উপায়।
রান্নাঘরের কাঠের ক্যাবিনেটে তেল, মশলা ও খাবারের দাগ জমে গেলে দেখতে যেমন অস্বস্তিকর লাগে, তেমনই দীর্ঘদিন পরিষ্কার না করলে কাঠের ফিনিশও নষ্ট হতে পারে। তবে খুব বেশি পরিশ্রম না করেই ঘরোয়া উপায়ে ক্যাবিনেট পরিষ্কার করা সম্ভব। জল, সাদা ভিনিগার এবং প্রয়োজনে অল্প ডিশওয়াশিং লিকুইড ব্যবহার করে সহজেই পরিষ্কার করা যায় চিটচিটে ময়লা।













