ফর্ম যখন তুঙ্গে, তখন রেকর্ড যেন নিজে থেকেই ধরা দেয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ ও বিজয় হাজারে ট্রফিতে ব্যাট হাতে দাপট দেখানো বিরাট কোহলি এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া। ২০২৬ সালের ১১ জানুয়ারি থেকে শুরু হতে চলা তিন ম্যাচের ওয়ানডে সিরিজেই ইতিহাস গড়ার সুযোগ বিরাটের সামনে।
৪২ রানেই রানের পাহাড়ে দ্বিতীয় স্থানে বিরাট
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে মাত্র ৪২ রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসবেন বিরাট কোহলি। এতদিন এই জায়গায় ছিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি কুমারা সাঙ্গাকারা, যাঁর আন্তর্জাতিক কেরিয়ারের মোট রান ২৮,০১৬। বর্তমানে কোহলির ঝুলিতে রয়েছে ২৭,৯৭৫ রান।
২৮ হাজার রানের ঐতিহাসিক ক্লাবে প্রবেশ
এই একই ৪২ রান বিরাটকে পৌঁছে দেবে আরও এক অনন্য উচ্চতায়। তিনি হবেন আন্তর্জাতিক ক্রিকেটে ২৮,০০০ রান পূর্ণ করা বিশ্বের মাত্র তৃতীয় ব্যাটার। এর আগে এই কৃতিত্ব রয়েছে শুধু সচিন তেন্ডুলকর ও কুমারা সাঙ্গাকারার ঝুলিতে। ভারতীয় হিসেবে এই মাইলফলকে পৌঁছবেন বিরাট দ্বিতীয়বার।
বিজয় হাজারে ট্রফিতে ব্যাটিং ঝড়
ঘরোয়া ক্রিকেটে বিরাট কোহলির সাম্প্রতিক পারফরম্যান্স এই রেকর্ডের সম্ভাবনাকে আরও জোরালো করেছে। প্রায় ১৫ বছর পর বিজয় হাজারে ট্রফিতে ফিরে প্রথম ম্যাচেই অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে দিল্লির হয়ে খেলেন দুর্দান্ত ১৩১ রানের ইনিংস। সেই ম্যাচেই তাঁর ব্যাটে ধরা পড়ে পুরনো আগ্রাসী বিরাট।
ধারাবাহিকতাই বড় শক্তি
পরের ম্যাচে শতক না পেলেও গুজরাতের বিরুদ্ধে কোহলির ৭৭ রানের ইনিংস ছিল ম্যাচ নির্ধারণী। টানা দুই ম্যাচেই দিল্লির জয়ে বড় ভূমিকা নেন তিনি। এই ফর্ম বজায় থাকলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতেই নতুন ইতিহাস লেখা কার্যত সময়ের অপেক্ষা।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজে মাত্র ৪২ রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে দুটি বড় মাইলফলক স্পর্শ করতে পারেন বিরাট কোহলি। কুমারা সাঙ্গাকারাকে টপকে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পাশাপাশি ২৮ হাজার রানের বিশেষ ক্লাবে ঢোকার সুযোগ ভারতের প্রাক্তন অধিনায়কের সামনে।













