সপ্তাহজুড়ে কাজের চাপের পর রবিবারে একটু শান্তির খোঁজে অনেকেই দ্বিধায় পড়েন—কোথায় যাবেন? দূরে যাওয়ার সময় নেই, আবার বাড়িতে বসেও মন টেকে না। ঠিক এমন সময় ভরসা হতে পারে Siliguri-র কাছেই থাকা এই অফবিট ডেস্টিনেশন—রোহিণী ওয়াটারফল।
শহরের পাশেই প্রকৃতির লুকোনো ঠিকানা
মাত্র ২৩ কিলোমিটার দূরে অবস্থিত এই ঝর্নায় পৌঁছতে সময় লাগে প্রায় ৪৫ মিনিট। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কিংবা আশেপাশের জেলার পর্যটকদের কাছে এটি একেবারে পারফেক্ট উইকেন্ড গেটওয়ে।
ছোট ট্রেকেই বড় সারপ্রাইজ
অনেকেই Rohini Park বা Rohini Lake পর্যন্ত গেলেও এই ঝর্নার কথা জানেন না। সেখান থেকে প্রায় ১.৫–২ কিলোমিটার জঙ্গলের ভিতর দিয়ে হাঁটলেই হঠাৎ সামনে খুলে যায় এক মনমুগ্ধকর দৃশ্য—ঝরে পড়া পাহাড়ি জল।
নিস্তব্ধতা, সবুজ আর প্রকৃতির সুর
চারিদিকে ঘন সবুজ, পাখির ডাক আর জলের শব্দ—সব মিলিয়ে যেন প্রকৃতির নিজস্ব সংগীত। গরম পড়তেই পর্যটকের সংখ্যা বাড়লেও এখনও জায়গাটি তুলনামূলকভাবে শান্ত, তাই নিরিবিলি সময় কাটানোর জন্য একেবারে আদর্শ।
খাওয়া-দাওয়া ও ঘোরার বাড়তি মজা
Rohini Bridge-এর পাশ থেকেই শুরু ট্রেকিং পথ। আশেপাশে রয়েছে ছোট মোমোর দোকান—সেখানেই পেটপূজা সেরে শুরু করতে পারেন হাঁটা। সময় থাকলে ঘুরে নিতে পারেন আশেপাশের ক্যাফে, হোমস্টে ও প্রকৃতির কোলে থাকা ছোট্ট পার্ক-লেক।
শহরের কোলাহল থেকে মুক্তি চাইলে মাত্র ৪৫ মিনিটেই পৌঁছে যেতে পারেন Rohini Waterfall-এ। সবুজে ঘেরা, নিরিবিলি এই জলপ্রপাত এখন একদিনের ট্রিপের জন্য হয়ে উঠছে নতুন হটস্পট।













