রান্নাঘরে প্রতিদিন সবচেয়ে বেশি ব্যবহৃত জিনিসগুলির মধ্যে বাসন রাখার স্ট্যান্ড অন্যতম। বাসন ধোয়ার পর সেখান থেকে জল ঝরে পড়ে, তার সঙ্গে ধুলো, তেল ও খাবারের ছোট ছোট অংশ জমতে জমতে র্যাকের গায়ে তৈরি হয় ময়লার আস্তরণ। নিয়মিত পরিষ্কার না করলে সেই স্তর আরও শক্ত হয়ে যায়।অনেকেই ভাবেন, এমন চটচটে ময়লা পরিষ্কার করতে অনেকটা সময় ও পরিশ্রম লাগবে। কিন্তু হাতের কাছে থাকা বেকিং সোডা এবং তরল বাসন ধোয়ার সাবান দিয়েই কাজটা অনেক সহজ করা সম্ভব।
প্রথমেই তৈরি করুন পরিষ্কারের মিশ্রণ
একটি পরিষ্কার পাত্রে প্রয়োজনমতো বেকিং সোডা নিন। তার সঙ্গে অল্প পরিমাণ লিকুইড ডিশওয়াশ মিশিয়ে ঘন ধরনের একটি পেস্ট তৈরি করুন। মিশ্রণটি যেন অতিরিক্ত পাতলা না হয়।এরপর একটি পুরনো ব্রাশ বা পরিষ্কার কাপড় দিয়ে মিশ্রণটি ডিশ র্যাকের প্রতিটি অংশে লাগিয়ে দিন। বিশেষ করে যেখানে বেশি তেল, ময়লা বা জলের দাগ জমেছে, সেই জায়গাগুলিতে ভালো করে মিশ্রণ লাগানো জরুরি।
সঙ্গে সঙ্গে ঘষবেন না
মিশ্রণ লাগানোর পর কিছুক্ষণ অপেক্ষা করুন। এতে জমে থাকা তেলচিটে ময়লা কিছুটা আলগা হওয়ার সুযোগ পাবে। এরপর অল্প জল দিয়ে ব্রাশের সাহায্যে র্যাকটি ভালোভাবে ঘষে পরিষ্কার করুন।ডিশ র্যাকের জালের অংশ, কোণা এবং সংযোগস্থলে ময়লা বেশি জমে থাকে। তাই এই জায়গাগুলিতে একটু বেশি সময় দিয়ে পরিষ্কার করুন।
এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন
ঘষে ময়লা তুলে নেওয়ার পর পরিষ্কার জল দিয়ে পুরো স্ট্যান্ডটি ভালোভাবে ধুয়ে ফেলুন। কোথাও বেকিং সোডা বা ডিশওয়াশের আস্তরণ থেকে গেলে আবার জল দিয়ে ধুয়ে নিন।কোনও জায়গায় ময়লা থেকে গেলে সেখানে অল্প পরিমাণ মিশ্রণ লাগিয়ে ফের ব্রাশ দিয়ে ঘষতে পারেন।
ধোয়ার পর শুকনো করাও জরুরি
শুধু পরিষ্কার করলেই হবে না, ডিশ র্যাকটি ভালোভাবে শুকিয়ে নেওয়াও প্রয়োজন। স্টিল বা অন্য ধাতব র্যাকে দীর্ঘক্ষণ জল জমে থাকলে মরিচা ধরার আশঙ্কা থাকে।তাই ধোয়ার পর কিছুক্ষণ খোলা জায়গায় রেখে দিন। তারপর শুকনো পরিষ্কার কাপড় দিয়ে র্যাকের প্রতিটি অংশ, বিশেষ করে জালের ফাঁক ও কোণাগুলি মুছে নিন।
পরিষ্কার র্যাকেই রাখুন বাসন
ডিশ র্যাক সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর তবেই পরিষ্কার বাসন সেখানে রাখুন। নিয়মিত পরিষ্কার করলে একসঙ্গে মোটা ময়লার আস্তরণ জমবে না এবং পরের বার পরিষ্কার করতেও কম সময় লাগবে।রান্নাঘরের পরিচ্ছন্নতা বজায় রাখতে সপ্তাহে বা প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর বাসন রাখার স্ট্যান্ডটিও পরিষ্কার করা ভালো অভ্যাস।
রান্নাঘরের বাসন রাখার স্টিলের র্যাক বা ডিশ র্যাকে নিয়মিত জল, তেল, ধুলো ও খাবারের ময়লা জমে চটচটে হয়ে যায়। পরিষ্কার করতে বেশি পরিশ্রম না করে বেকিং সোডা ও লিকুইড ডিশওয়াশ দিয়েই সহজে ময়লা পরিষ্কার করা যায়। জেনে নিন ধাপে ধাপে পদ্ধতি।













