যেখানে আজ যতদূর চোখ যায় বালি আর বালি, কোটি কোটি বছর আগে সেখানেই ঢেউ আছড়ে পড়ত। সময়ের সঙ্গে পৃথিবীর ভূত্বক সরে গিয়েছে, জলবায়ু বদলেছে, সমুদ্র সরে গিয়ে জন্ম নিয়েছে মরুভূমি। ভূগর্ভে লুকিয়ে থাকা জীবাশ্ম ও লবণের স্তর আজও সাক্ষ্য দেয় সেই হারিয়ে যাওয়া সাগরের ইতিহাস। চলুন জেনে নেওয়া যাক, পৃথিবীর এমনই পাঁচটি জায়গার কথা—যেগুলি একসময় ছিল সমুদ্র বা হ্রদের তলদেশ।
ভূত্বকের নড়াচড়ায় বদলে গেছে পৃথিবীর মানচিত্র
বিজ্ঞানীদের মতে, টেকটোনিক প্লেটের সঞ্চালন, সমুদ্রপৃষ্ঠের ওঠানামা ও জলবায়ু পরিবর্তনের ফলেই বহু সাগর শুকিয়ে গিয়েছে। সেই জল সরে যাওয়ার পরই জন্ম নিয়েছে আজকের বহু মরুভূমি। শিলাস্তরে পাওয়া ঝিনুক, প্রবাল ও সামুদ্রিক জীবাশ্ম সেই ইতিহাসের প্রমাণ।
সাহারা মরুভূমি (আফ্রিকা)
বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা একসময় ছিল বিশাল সমুদ্রতল। প্রায় ১০ কোটি বছর আগে এই অঞ্চল টেথিস সাগরের অংশ ছিল। মিশরের ওয়াদি আল-হিতান বা ‘হোয়েল ভ্যালি’-তে আজও প্রাচীন তিমি, হাঙর ও সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম মিলছে, যা প্রমাণ করে—এখানে একদিন গভীর সমুদ্র ছিল।
আরব মরুভূমি (মধ্যপ্রাচ্য)
সৌদি আরব, ওমান ও সংযুক্ত আরব আমিরশাহি জুড়ে বিস্তৃত এই মরুভূমি একসময় ছিল ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত অগভীর সাগর। ভূত্বক উঁচু হয়ে যাওয়ায় জল সরে যায়। আজকের লবণাক্ত সমতল ও সামুদ্রিক পাললিক শিলা সেই অতীতের নীরব সাক্ষী।
মোহাভে মরুভূমি (উত্তর আমেরিকা)
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত মোহাভে মরুভূমি একসময় ছিল অন্তর্দেশীয় সাগর ও বিশাল হ্রদের অংশ। ডেথ ভ্যালি এলাকায় লেক ম্যানলি ও লেক মোহাভের অস্তিত্বের প্রমাণ আজও পাওয়া যায় শুকনো হ্রদের দাগ ও মোটা লবণের স্তরে।
কালাহারি মরুভূমি (দক্ষিণ আফ্রিকা)
কালাহারি মরুভূমি একসময় ছিল বিশাল প্রাচীন হ্রদের তলদেশ। আজকের মাকগাদিকগাদি প্যান—বিশ্বের অন্যতম বৃহৎ লবণাক্ত সমতল—সেই হ্রদের অবশিষ্ট অংশ। সময়ের সঙ্গে জল শুকিয়ে গিয়ে অঞ্চলটি রূপ নেয় বালুময় মরুভূমিতে।
গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি (অস্ট্রেলিয়া)
অস্ট্রেলিয়ার গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি একসময় ছিল অগভীর সমুদ্রের অংশ। দক্ষিণ অস্ট্রেলিয়ায় পাওয়া সামুদ্রিক জীবাশ্ম ও পাললিক শিলা জানায়—সমুদ্রপৃষ্ঠ নেমে যাওয়ার পর এই অঞ্চল বদলে যায় লাল বালিয়াড়ি ও লবণাক্ত হ্রদের দেশে।
আজ যেখানে বিস্তীর্ণ মরুভূমি, একসময় সেখানে ছিল গভীর সাগর বা বিশাল হ্রদ। শিলাস্তরের জীবাশ্ম, লবণের স্তর ও সামুদ্রিক চিহ্ন প্রমাণ করছে—পৃথিবীর এই ৫ জায়গা এককালে ছিল জলমগ্ন।













