আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগেই স্টেটওয়াইস ইলেক্টোরাল রোল রিভিশন বা SIR প্রকাশ নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে। কমিশন যেখানে ৬ রাজ্য ও ১ কেন্দ্রশাসিত অঞ্চলে অতিরিক্ত সময় দিচ্ছে, সেখানে বাংলার ক্ষেত্রে পূর্বনির্ধারিত সময়ই বহাল—এমন সিদ্ধান্তকে ‘বিমাতৃসুলভ’ বলে সমালোচনা করছে রাজনৈতিক শিবির।নয়াদিল্লি থেকে বুদ্ধদেব সেনগুপ্তের রিপোর্ট অনুযায়ী, নির্বাচনের আগে বাংলায় তাড়াহুড়ো করে SIR প্রক্রিয়া শেষ করতে চাওয়া নিয়ে তৃণমূল বহুবার কমিশনকে প্রশ্ন করেছে। রাজ্যের গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে এই অতি দ্রুততার কারণ জানতে চাইলেও কোনও ব্যাখ্যা মেলেনি। খসড়া তালিকা প্রকাশের সময়ও বাংলায় অপরিবর্তিত থাকায় আরও বাড়ছে বিতর্ক।

এদিকে অন্য রাজ্যগুলিতে পরিস্থিতি একেবারে উল্টো। নির্বাচন কমিশনের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী,
তামিলনাড়ু ও গুজরাটে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন বাড়িয়ে ১৪ ডিসেম্বর করা হয়েছে।
মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে এই সময়সীমা বাড়িয়ে করা হয়েছে ১৮ ডিসেম্বর।
উত্তরপ্রদেশে এনুমারেশন ফর্ম জমা নেওয়া হবে ২৬ ডিসেম্বর পর্যন্ত।
শুধু তাই নয়, খসড়া তালিকা প্রকাশের তারিখেও পরিবর্তন আনা হয়েছে।
তামিলনাড়ু ও গুজরাটে খসড়া তালিকা প্রকাশ ১৯ ডিসেম্বর।
মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান-নিকোবরে তালিকা বেরবে ২৩ ডিসেম্বর।
উত্তরপ্রদেশে প্রকাশের তারিখ ৩১ ডিসেম্বর।
এর তুলনায় বাংলায় কোনও রকম সময়সীমা সংশোধন না হওয়ায় প্রশ্ন উঠছে—সারা দেশে একই ধরনের প্রক্রিয়া চললেও শুধুমাত্র বাংলার ক্ষেত্রেই কি ভিন্ন নিয়ম?

বাংলায় তাড়াহুড়ো, অন্য রাজ্যে বাড়ছে সময়—দ্বৈতনীতির অভিযোগ রাজনীতিতে উত্তাপ বাড়াচ্ছে
তৃণমূলের অভিযোগ, বাংলাকে আলাদা করে দ্রুত প্রক্রিয়া শেষ করতে বাধ্য করা হচ্ছে। কমিশন এখনও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। প্রশাসনিক মহলেও প্রশ্ন—যেখানে অন্য রাজ্যগুলিকে বাড়তি সময় দেওয়া হল, সেখানে বাংলার ভোটবহুল রাজ্যে প্রক্রিয়া তাড়াহুড়ো করে সম্পন্ন করার যুক্তি কী?
নির্বাচন কমিশন ৬ রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে SIR-এর এনুমারেশন ফর্ম জমা ও খসড়া তালিকা প্রকাশের সময়সীমা বাড়ালেও বাংলার ক্ষেত্রে কোনও পরিবর্তন করেনি। আসন্ন বিধানসভা ভোটের আগে বাংলায় কেন এত তাড়াহুড়ো—তা নিয়ে রাজনৈতিক মহলে ক্ষোভ বাড়ছে।











