শুধু দিল্লি নয়, কলকাতার বাতাসের স্বাস্থ্যও দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। মাঝেমধ্যে একিউআই ২০০ ছাড়িয়ে যাচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে ফুসফুসের পাশাপাশি ত্বকের উপরও। কম আর্দ্রতা ও বেশি দূষণের যুগলবন্দিতে ত্বকে দেখা দিচ্ছে শুষ্কতা, ব্রণ, দাগছোপ ও অকালবার্ধক্যের সমস্যা। এই পরিস্থিতিতে কী ভাবে ত্বকের যত্ন নেবেন?
বায়ুদূষণ কী ভাবে ত্বকের ক্ষতি করে?
বাতাসে ভাসমান ধূলিকণা ও ক্ষতিকর রাসায়নিক ত্বকের সংস্পর্শে এসে কোলাজেন ভেঙে দেয়। এর ফলে ত্বক দুর্বল হয়ে পড়ে, দ্রুত বলিরেখা ও ঝুলে পড়া চামড়ার সমস্যা দেখা দেয়। ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা নষ্ট হয়।
প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট হয়ে যায়
অতিরিক্ত দূষণের ফলে ত্বকের প্রাকৃতিক তেল ও আর্দ্রতা দ্রুত কমে যায়। এর জেরে ত্বক শুষ্ক, রুক্ষ ও সংবেদনশীল হয়ে ওঠে। প্রাকৃতিক তেল নষ্ট হলে দূষণ সরাসরি ত্বকের গভীরে প্রবেশ করে ক্ষতি বাড়ায়।
রোমকূপে জমে যায় ধুলো-ময়লা
দূষিত বাতাসে থাকা ধুলো ও ব্যাকটেরিয়া ত্বকের রোমকূপে জমে হোয়াইটহেডস, ব্ল্যাকহেডস ও ব্রণের সমস্যা বাড়ায়। ত্বকের উপরিভাগে প্রদাহ তৈরি হয়।
বাড়ে দাগছোপ ও হাইপারপিগমেন্টেশন
শুধু সূর্যের ইউভি রশ্মি নয়, বাতাসে মিশে থাকা ক্ষতিকর কণাও মেলানিনের উৎপাদন বাড়ায়। এর ফলেই ত্বকে ডার্ক স্পট, আনইভেন স্কিন টোন ও হাইপারপিগমেন্টেশনের সমস্যা দেখা দেয়।
বায়ুদূষণের হাত থেকে ত্বক রক্ষা করবেন কী ভাবে?
নিয়মিত ক্লিনজ়িং
বাইরে বেরোলে মাস্ক পরলেও ত্বক পুরোপুরি ঢাকা থাকে না। তাই বাড়ি ফিরেই মুখ পরিষ্কার করুন। দিনে অন্তত দু’বার ভালো মানের ক্লিনজ়ার ব্যবহার করুন। প্রয়োজন হলে ডাবল ক্লিনজ়িং করতে পারেন।
এক্সফোলিয়েশন জরুরি
মুখ ধোয়ার পরও রোমকূপে জীবাণু থেকে যেতে পারে। দানাযুক্ত স্ক্রাবের বদলে AHA, BHA বা রেটিনয়েড সমৃদ্ধ অ্যাসিড-বেসড এক্সফোলিয়েন্ট ব্যবহার করাই নিরাপদ।
সানস্ক্রিন বাধ্যতামূলক
দিনের বেলা সানস্ক্রিন ছাড়া বাইরে বেরোবেন না। এটি ত্বকের সুরক্ষা কবচ হিসেবে কাজ করে এবং সূর্যের রশ্মি ও দূষণ—দু’টির হাত থেকেই ত্বককে রক্ষা করে।
ত্বক হাইড্রেট রাখুন
ভালো মানের ময়েশ্চারাইজ়ার ব্যবহার করে ত্বক আর্দ্র রাখুন। ত্বক যত বেশি হাইড্রেটেড থাকবে, ততই দূষণের ক্ষতি কম হবে।
অ্যান্টিঅক্সিডেন্ট সিরাম ব্যবহার করুন
ভিটামিন সি, নিয়াসিনামাইড বা গ্রিন টি সমৃদ্ধ সিরাম ত্বককে ফ্রি র্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে এবং ত্বকের স্বাস্থ্য বজায় রাখে।
শীতকালে আর্দ্রতা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে শহরের বায়ুদূষণ ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে উঠছে। মাস্ক পরেও ত্বক পুরোপুরি সুরক্ষিত নয়। দূষণের হাত থেকে ত্বক বাঁচাতে প্রয়োজন সঠিক স্কিন কেয়ার রুটিন।













