Weight Loss Tips: শীতে ওজন বেড়েছে? কড়া ডায়েট নয়, দিদা-ঠাকুমার ৭ ঘরোয়া পানীয়তেই গলবে জেদি চর্বি

Weight Loss Tips: শীতে ওজন বেড়েছে? কড়া ডায়েট নয়, দিদা-ঠাকুমার ৭ ঘরোয়া পানীয়তেই গলবে জেদি চর্বি

বড়দিন, নিউ ইয়ার তো পেরিয়েছে, কিন্তু শীতের পিকনিক আর খাওয়াদাওয়ার উৎসব এখনও চলছে। ফল? পাল্লা দিয়ে বাড়ছে ওজন। তবে ওজন কমাতে যে কড়া ডায়েট বা ঘাম ঝরানো ওয়ার্কআউট করতেই হবে, এমন নয়। পুষ্টিবিদদের মতে, নিয়ম মেনে খেলে দিদা-ঠাকুমার কিছু পুরনো ঘরোয়া পানীয়ই শীতে জমে থাকা জেদি চর্বি গলাতে পারে।

সকালে খালিপেটে জোয়ানের জল

খালিপেটে উষ্ণ জোয়ানের জল খেলে বিপাকক্রিয়া সক্রিয় হয়। পেট ফাঁপা কমে, হজম ভালো হয় এবং শরীরের জমে থাকা চর্বি ভাঙতে সাহায্য করে। এক চা-চামচ জোয়ান জলে ফুটিয়ে ছেঁকে নিয়ে সকালে উষ্ণ অবস্থায় পান করুন।

জিরে-মৌরির ডিটক্স পানীয়

জিরে ও মৌরি একসঙ্গে শরীর থেকে টক্সিন বার করে দেয়। জল জমে থাকার সমস্যা কমে এবং হজমশক্তি বাড়ে। দুই কাপ জলে এক চা-চামচ করে জিরে ও মৌরি ফুটিয়ে সারাদিন অল্প অল্প করে খেলে উপকার মিলবে।

রাতভর ভেজানো মেথি

মেথি দানায় রয়েছে প্রচুর ফাইবার, যা ক্ষিদে নিয়ন্ত্রণে রাখে। রাতে এক চা-চামচ মেথি জলে ভিজিয়ে রেখে সকালে দানা চিবিয়ে খান বা সেই জল পান করুন। রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল থাকে এবং ফ্যাট মেটাবলিজম বাড়ে।

ঘুমের আগে ত্রিফলা গুঁড়ো

ত্রিফলা আয়ুর্বেদের প্রাচীন ডিটক্স উপাদান। ঘুমানোর আগে হালকা গরম জলের সঙ্গে এক চা-চামচ ত্রিফলা খেলে অন্ত্র পরিষ্কার থাকে, হজম ভালো হয় এবং ওজন কমাতে সাহায্য করে।

মধু-লেবু মেশানো গরম জল

ওজন কমানোর সবচেয়ে পরিচিত ঘরোয়া টোটকা। সকালে এক গ্লাস উষ্ণ জলে মধু ও লেবুর রস মিশিয়ে খেলে বিপাকক্রিয়া বাড়ে, শরীর হাইড্রেটেড থাকে এবং ধীরে ধীরে চর্বি কমে।

আদা মেশানো গ্রিন টি

গ্রিন টি-এর সঙ্গে সামান্য কুচোনো আদা মিশিয়ে নিলে তা আরও কার্যকর হয়। এই পানীয় চর্বি পোড়াতে সাহায্য করে, হজম ভালো রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

গরম জলে গোলমরিচ

এক গ্লাস হালকা গরম জলে এক চিমটে গোলমরিচ গুঁড়ো মিশিয়ে খেলে নতুন চর্বি কোষ তৈরি হওয়া কমে। গোলমরিচে থাকা পাইপেরিন পুষ্টি শোষণেও সাহায্য করে।

শীতের পার্টি, পিকনিক আর অতিরিক্ত খাওয়াদাওয়ার জেরে ওজন বেড়েছে? জিম বা কঠিন ডায়েট নয়—আয়ুর্বেদভিত্তিক ৭টি ঘরোয়া পানীয়েই ধীরে ধীরে কমবে বাড়তি মেদ।

Leave a comment