পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন—প্রকৃতি ও রোমাঞ্চপ্রেমীদের কাছে এক চিরকালীন আকর্ষণ। বছরের সব সময়েই পর্যটকদের ভিড় থাকলেও শীতের মরশুমে সুন্দরবনের রূপ হয়ে ওঠে আরও মোহনীয়। সেই সুন্দরবনেরই গভীরে, কোর জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা এক রহস্যময় দ্বীপ হল কলস দ্বীপ, যেখানে গেলে একদিকে যেমন প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করা যায়, তেমনই ভাগ্য সহায় হলে মিলতে পারে রয়েল বেঙ্গল টাইগারের দেখা।
![]()
সুন্দরী-গরানের অরণ্যে ঘেরা রহস্যময় দ্বীপ
সুন্দরবনে ছোট-বড় মিলিয়ে প্রায় ১০২টি দ্বীপ রয়েছে। তার মধ্যেই অন্যতম বিশেষ ও আকর্ষণীয় দ্বীপ হল কলস দ্বীপ। সুন্দরী, হেতাল, গরান, কেওড়া, গর্জন, বাইন-সহ অসংখ্য ম্যানগ্রোভ গাছে ঘেরা এই দ্বীপ প্রকৃত অর্থেই সুন্দরবনের প্রাণভোমরা।
কোর জঙ্গলের রোমাঞ্চ ও দক্ষিণরায়ের উপস্থিতি
কলস দ্বীপ পড়ে সুন্দরবনের কোর জঙ্গল অঞ্চলে। তাই এই দ্বীপ একসঙ্গে যেমন ভয়ংকর, তেমনই আকর্ষণীয়। চারদিকে নিঝুম অরণ্য, গভীর নীরবতা। ভোরের আলো ফুটতেই পাখির ডাক ভেসে আসে চারদিক থেকে। নদীর খাঁড়ির ধারে কাদামাটিতে অনেক সময় দেখা যায় দক্ষিণরায়—অর্থাৎ রয়েল বেঙ্গল টাইগারের টাটকা পায়ের ছাপ, যা রোমাঞ্চের পারদ আরও চড়িয়ে দেয়।
![]()
নৌকাভ্রমণ ও ছোট সমুদ্রতটের টান
নৌকায় চেপে সরু নদী ও খাঁড়ির মধ্য দিয়ে জঙ্গল সাফারি করতে করতেই পৌঁছে যাওয়া যায় দ্বীপের ছোট্ট সমুদ্রতটে। চারপাশে সবুজ অরণ্য আর জলের নীলাভ রেখা—প্রকৃতির এই মেলবন্ধন পর্যটকদের মুগ্ধ করবেই।
কোথায় থাকবেন, কীভাবে যাবেন
কলস দ্বীপে গেলে বনবিভাগের ক্যাম্পে থাকার ব্যবস্থা রয়েছে। থাকার জন্য আগে থেকে দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগের সঙ্গে যোগাযোগ করে বুকিং করতে হয়।যাতায়াতের ক্ষেত্রে শিয়ালদহ দক্ষিণ শাখার লোকাল ট্রেনে ক্যানিং স্টেশন পৌঁছনো যায়। সেখান থেকে গাড়িতে ঝড়খালি এবং ঝড়খালি ঘাট থেকে লঞ্চ বা নৌকায় কলস দ্বীপে পৌঁছনো সম্ভব।
![]()
শীতেই কেন কলস দ্বীপ সেরা
শীতের সময় আবহাওয়া আরামদায়ক থাকায় জঙ্গল ভ্রমণ ও নৌকাভ্রমণের অভিজ্ঞতা আরও উপভোগ্য হয়। মশার উপদ্রবও তুলনামূলক কম থাকে, ফলে নিরাপদ ও স্বচ্ছন্দে সুন্দরবনের রোমাঞ্চ উপভোগ করা যায়।
![]()
শীতের মরশুমে সুন্দরবন ভ্রমণের সেরা ঠিকানা হতে পারে কলস দ্বীপ। সুন্দরী-হেতাল-গরানে ঘেরা এই কোর জঙ্গলে ভোর হয় পাখির ডাকে, নদীর খাঁড়িতে মিলতে পারে রয়েল বেঙ্গল টাইগারের পায়ের ছাপ। অ্যাডভেঞ্চার আর প্রকৃতির মেলবন্ধনে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে কলস দ্বীপ।













