আঙুর এমন একটি ফল, যার স্বাদ বোঝা যায় না দেখে। সবুজ, কালো বা লাল—বাজারে নানা রকম আঙুর থাকলেও কোনটি মিষ্টি আর কোনটি টক, তা বুঝতে অনেকেই সমস্যায় পড়েন। তবে কয়েকটি ছোট লক্ষণ খেয়াল রাখলেই আপনি সহজে মিষ্টি ও রসালো আঙুর বেছে নিতে পারবেন।
রঙই প্রথম ইঙ্গিত
আঙুরের রঙ তার মিষ্টতার বড় ইঙ্গিত দেয়।
সবুজ আঙুর: হালকা সবুজ রঙ সাধারণত বেশি মিষ্টি। খুব গাঢ় সবুজ হলে টক হওয়ার সম্ভাবনা থাকে।
কালো আঙুর: যত গাঢ় ও চকচকে, তত বেশি মিষ্টি।
লাল আঙুর: গাঢ় লাল আঙুর হালকা লালের তুলনায় বেশি মিষ্টি হয়।
রঙ যত উজ্জ্বল ও স্বচ্ছ হবে, স্বাদ তত ভালো হওয়ার সম্ভাবনা বেশি।
স্পর্শ করেই বুঝে নিন
মিষ্টি আঙুর সাধারণত মোটা, টানটান ও শক্ত হয়।
অন্যদিকে টক আঙুর অনেক সময় আলগা, নরম বা কুঁচকে যাওয়া অনুভূত হয়। গোছা ধরলে যদি দানাগুলো শক্ত লাগে, তবে সেটি ভালো লক্ষণ।
কাণ্ডের রং বলে দেয় অনেক কিছু
আঙুরের ডাঁটা বা কাণ্ড যদি সবুজ ও নমনীয় হয়, তবে আঙুর তাজা ও মিষ্টি হওয়ার সম্ভাবনা বেশি।
শুকনো বা বাদামি কাণ্ড মানেই আঙুর পুরনো—এগুলো সাধারণত টক হয়ে থাকে।
খোসার উপর সাদা আবরণ দেখলে ভয় পাবেন না
অনেক আঙুরের খোসায় হালকা সাদা পাউডারের মতো স্তর থাকে, যাকে বলা হয় ‘ব্লুম’। এটি আসলে প্রাকৃতিক আবরণ, যা আঙুরের তাজা ও মিষ্টি হওয়ার লক্ষণ।
এই আবরণ একেবারে না থাকলে আঙুর ধোয়া বা অনেকদিনের পুরনো হতে পারে।
ওজনে ভারী মানেই ভালো
এক থোকা মিষ্টি আঙুর হাতে তুললে একটু ভারী লাগবে।
যদি গোছা হালকা মনে হয় বা দানা সহজে ঝরে পড়ে, তবে আঙুর ঠিকমতো পাকে না বা টক হওয়ার সম্ভাবনা থাকে।
গন্ধেও মিলবে ইঙ্গিত
ভালো আঙুর থেকে হালকা, স্বাভাবিক মিষ্টি গন্ধ বের হয়।
খুব কাঁচা বা তীব্র গন্ধ থাকলে বুঝবেন আঙুর টক হতে পারে।
বাজার থেকে আঙুর কিনে এনে দেখছেন টক? রঙ, কাণ্ড, ওজন আর খোসার দিকে একটু নজর দিলেই সহজে চেনা যায় মিষ্টি আঙুর। জেনে নিন বিশেষজ্ঞদের পরামর্শে এমন কিছু সহজ টিপস, যা মানলে আর কখনও টক আঙুরে ঠকতে হবে না।













