এপ্রিলের দাবদাহের পর মে মাসের শুরুতেই বৃষ্টি এনে দিয়েছে খানিক স্বস্তি। কিন্তু এই আবহাওয়ার খামখেয়ালিতে সবচেয়ে বেশি বিভ্রান্ত সাধারণ মানুষ। কখনও প্রচণ্ড গরমে এসি ১৮ ডিগ্রিতে নামিয়ে দিচ্ছেন, আবার বৃষ্টির দিনে একই সেটিংয়ে ঘর হয়ে উঠছে অস্বস্তিকর। বিশেষজ্ঞদের মতে, আবহাওয়ার সঙ্গে মিলিয়ে এসির সঠিক মোড ও তাপমাত্রা বেছে নিলেই মিলবে আরাম, সাশ্রয় হবে বিদ্যুৎও।
লু চললে কত ডিগ্রিতে চালাবেন এসি?
যখন বাইরের তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যায়, তখন অনেকেই ভুল করে এসি একেবারে ১৮ বা ২০ ডিগ্রিতে সেট করে দেন। কিন্তু এতে কম্প্রেসরের উপর অতিরিক্ত চাপ পড়ে।বিশেষজ্ঞদের মতে, তীব্র গরমে এসির আদর্শ তাপমাত্রা ২৪-২৬ ডিগ্রি সেলসিয়াস। এতে ঘর আরামদায়ক থাকে, আবার বিদ্যুতের বিলও নিয়ন্ত্রণে থাকে।প্রথমে ফ্যান স্পিড ‘হাই’ রাখলে ঘর দ্রুত ঠান্ডা হয়। পরে ঘর ঠান্ডা হয়ে গেলে ‘মিডিয়াম’ স্পিডে নামিয়ে দেওয়া ভাল।
লুর সময় কেন Dry Mode নয়?
প্রচণ্ড গরমে বাতাস এমনিতেই শুষ্ক থাকে। তাই এই সময় Dry Mode ব্যবহার করলে ঘরের আর্দ্রতা আরও কমে যেতে পারে।ফলে ত্বক শুকিয়ে যাওয়া, গলা খুসখুস বা ডিহাইড্রেশনের সমস্যা বাড়তে পারে। তাই লুর দিনে শুধুই Cool Mode ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
বৃষ্টির দিনে কোন মোড সবচেয়ে কার্যকর?
বর্ষা শুরু হলে তাপমাত্রা কিছুটা কমে যায় ঠিকই, কিন্তু বাতাসে আর্দ্রতা অনেক বেড়ে যায়। এই সময় ঘরের চিপচিপে ভাব দূর করতে সবচেয়ে কার্যকর Dry Mode।রিমোটে সাধারণত জলের ফোঁটার চিহ্ন দিয়ে এই মোড দেখানো থাকে। বৃষ্টির দিনে এসি ২৮ ডিগ্রিতে সেট করে Dry Mode চালালে ঘর আরামদায়ক থাকে এবং বিদ্যুৎ খরচও কম হয়।
বিদ্যুৎ বাঁচাতে মেনে চলুন এই নিয়ম
বিশেষজ্ঞদের মতে, ২৪ ডিগ্রি সেলসিয়াস এসির সবচেয়ে ব্যালান্সড সেটিং। প্রতি ১ ডিগ্রি তাপমাত্রা বাড়ালে প্রায় ৬ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হতে পারে।
রাতে Sleep Mode ব্যবহার করলে ধীরে ধীরে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং অতিরিক্ত ঠান্ডাও লাগে না। পাশাপাশি এসির ফিল্টার প্রতি দুই সপ্তাহে পরিষ্কার করা জরুরি। নোংরা ফিল্টার থাকলে ১৫-২০ শতাংশ বেশি বিদ্যুৎ খরচ হতে পারে।
এসির আয়ু বাড়াতে কী করবেন?
আবহাওয়া বদলের সঙ্গে এসির ব্যবহারেও বদল আনা প্রয়োজন।
লুর পর বৃষ্টি শুরু হলে আগে এসি বন্ধ করুন
১০ মিনিট পরে Dry Mode চালান
আবার গরম শুরু হলে Cool Mode-এ ফিরে যান
আউটডোর ইউনিটে সরাসরি রোদ পড়তে দেবেন না
বৃষ্টির জল জমে থাকলে দ্রুত পরিষ্কার করুন
বিশেষজ্ঞদের মতে, টানা ৮ ঘণ্টার বেশি এসি চালালে অন্তত ১ ঘণ্টা বিরতি দিলে মেশিনের আয়ু বাড়ে।
ভোল্টেজ ওঠানামায় বাড়তে পারে ক্ষতি
বর্ষাকালে ঘন ঘন বিদ্যুৎ যাওয়া-আসা করে। তাই ভাল মানের ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহার করা জরুরি।হঠাৎ বিদ্যুৎ চলে গিয়ে সঙ্গে সঙ্গে ফিরে এলে এসি সঙ্গে সঙ্গে চালু না করে অন্তত ৫ মিনিট অপেক্ষা করা উচিত। এতে কম্প্রেসরের উপর চাপ কম পড়ে।
একদিকে ৪০ ডিগ্রির তাপপ্রবাহ, অন্যদিকে হঠাৎ ঝমঝমে বৃষ্টি—এই বদলে যাওয়া আবহাওয়ায় এসির সঠিক সেটিং না জানলে বাড়তে পারে বিদ্যুতের বিল, কমতে পারে মেশিনের আয়ু। তাই কোন পরিস্থিতিতে কত ডিগ্রিতে এসি চালানো উচিত, কোন মোডে বেশি সাশ্রয়—জেনে নেওয়া জরুরি।













