পুষ্টিগুণের দৌড়ে বহু আগেই ফুলকপিকে পিছনে ফেলেছে ব্রোকলি। শহর থেকে গ্রাম—আজ প্রায় সব রান্নাঘরেই জায়গা করে নিয়েছে এই সবজি। তবে রান্নার সময় এখনও অনেকেই ব্রোকলির ডাঁটা কেটে ফেলে দেন। অথচ বিশেষজ্ঞদের মতে, এই ডাঁটাই হতে পারে শরীরের জন্য সমান, এমনকি কিছু ক্ষেত্রে আরও বেশি উপকারী।

ভিটামিন ও খনিজের ভাণ্ডার ব্রোকলি
ব্রোকলিতে রয়েছে ভিটামিন C, E ও K-এর প্রাচুর্য। পাশাপাশি এতে মজুত থাকে পটাশিয়াম, ক্যালসিয়াম ও প্রচুর ডায়েটারি ফাইবার। নিয়মিত ব্রোকলি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, হাড় মজবুত হয় এবং হৃদ্যন্ত্র সুস্থ থাকে—এমনটাই জানাচ্ছেন পুষ্টিবিদরা।
ডাঁটা বাদ দেওয়া কি সত্যিই দরকার?
অনেকের ধারণা, ব্রোকলির ডাঁটা খেলেই পেটের গোলমাল হয়। এই ভয়েই বেশিরভাগ মানুষ রান্নার সময় ডাঁটা ফেলে দেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। সঠিকভাবে রান্না করলে ব্রোকলির ডাঁটা সহজেই হজমযোগ্য এবং শরীরের জন্য উপকারী।

ফুল বনাম ডাঁটা—কোথায় কী রয়েছে?
ব্রোকলির গাঢ় সবুজ অংশটি আসলে তার ফুল। এই অংশে থাকে ‘গ্লুকোসিনোলেটস’ নামের এক বিশেষ যৌগ, যা গবেষণায় ক্যানসার প্রতিরোধে কার্যকর বলে প্রমাণিত।অন্যদিকে, ব্রোকলির ডাঁটায় থাকে বেশি পরিমাণ ফাইবার ও প্রি-বায়োটিক উপাদান, যা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। গবেষণায় আরও দেখা গিয়েছে, ডাঁটার অংশে অ্যান্টি-অক্সিডেন্টের মাত্রাও তুলনামূলকভাবে বেশি।
হজমের সমস্যা থাকলে কী করবেন?
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, যাঁদের হজমের সমস্যা রয়েছে বা গ্যাস-অম্বলের প্রবণতা আছে, তাঁরা ডাঁটার পরিমাণ সামান্য কম রাখতে পারেন। তবে পুরোপুরি বাদ দেওয়ার কোনও প্রয়োজন নেই। ধীরে ধীরে অভ্যাস করলে শরীর সহজেই মানিয়ে নেয়।

রান্নার সঠিক পদ্ধতিই আসল চাবিকাঠি
ব্রোকলির পুষ্টিগুণ ধরে রাখতে হলে রান্নার পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশি পানিতে সিদ্ধ করলে ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্ট নষ্ট হয়ে যায়। তাই ভাপিয়ে নেওয়া, হালকা স্টার ফ্রাই বা অল্প তেলে নেড়েচেড়ে রান্নাই সবচেয়ে উপযোগী।

ব্রোকলি মানেই কি শুধু সবুজ ফুলের অংশ? পুষ্টিবিদদের মতে, এই ধারণা ভুল। ব্রোকলির ডাঁটাতেও রয়েছে ফাইবার, প্রি-বায়োটিক ও শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট, যা হজমশক্তি বাড়ানো থেকে ক্যানসার প্রতিরোধ পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।













