হোলি আর বসন্ত উৎসব মানেই রঙের উচ্ছ্বাস আর ভ্রমণের আমেজ। অনেকেই যেখানে বোলপুরের দিকে নজর রাখেন, সেখানে বহু ভক্তের গন্তব্য হয় তারাপীঠ মন্দির। মা তারার আশীর্বাদ নিতে প্রতিবছর হাজার হাজার ভক্ত ও পর্যটক ভিড় জমান। এবার তাঁদের জন্যই ধামাকা অফার—মাত্র ১০১ টাকায় হোটেল বুকিংয়ের সুযোগ, সঙ্গে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়।
বসন্ত উৎসবে তারাপীঠে বাড়ছে ভিড়
দোল ও বসন্ত উৎসব উপলক্ষে তারাপীঠে পর্যটকদের ঢল নামতে শুরু করেছে। মা তারার পায়ে আবির অর্পণ করে পরিবারের সুখ-শান্তির প্রার্থনা করতে বহু মানুষ এই সময়ে আসেন। বিশেষ করে দোলের দিন ভক্তদের সমাগম চোখে পড়ার মতো হয়। কয়েক হাজার দর্শনার্থীর আগমন ঘটে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
১০১ টাকায় বুকিং, ৪০-৫০% পর্যন্ত ছাড়
তারাপীঠের একাধিক হোটেল মালিক বসন্ত উৎসবকে কেন্দ্র করে বিশেষ অফার ঘোষণা করেছেন। মাত্র ১০১ টাকা অগ্রিম দিয়ে অনলাইনে রুম বুকিং করা যাচ্ছে। আগেভাগে বুকিং করলে ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় মিলছে বলে দাবি হোটেল কর্তৃপক্ষের। ইতিমধ্যেই বহু পর্যটক এই অফারের সুবিধা নিতে শুরু করেছেন।এক বেসরকারি হোটেল মালিক কল্যাণ দাস জানান, “অনলাইনে রুম দেখে ১০১ টাকা পেমেন্ট করলেই বুকিং নিশ্চিত করা হচ্ছে। তবে পরবর্তীতে বুকিং বাতিল করলে এই ১০১ টাকা ফেরতযোগ্য নয়। কেউ যদি অর্ধেক ভাড়া অগ্রিম দেন, সে ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে কিছু অংশ কেটে বাকি টাকা ফেরত দেওয়া হবে।”
হোটেল অ্যাসোসিয়েশনের বক্তব্য
তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশন-এর সেক্রেটারি সুনীল গিরি জানান, উৎসবের মরসুমে ছোট-বড় বহু হোটেলেই বিশেষ ছাড় দেওয়া হয়। এই বছর বসন্ত উৎসব উপলক্ষে ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় নিশ্চিত করা হয়েছে। তবে কিছু হোটেল সারা বছরই সীমিত ভাড়ায় রুম দিয়ে থাকে, সেখানে অতিরিক্ত ছাড় প্রযোজ্য নয়।
আগেভাগে বুকিংয়ের পরামর্শ
ইতিমধ্যেই তারাপীঠের বিভিন্ন হোটেলে বুকিং শুরু হয়ে গিয়েছে। উৎসবের সময় শেষ মুহূর্তে রুম পাওয়া কঠিন হয়ে পড়তে পারে। তাই ৪০-৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে চাইলে এখনই অনলাইনে বুকিং সেরে নেওয়ার পরামর্শ দিচ্ছেন হোটেল ব্যবসায়ীরা।
বসন্ত উৎসব ও হোলি উপলক্ষে তারাপীঠে বাড়ছে পর্যটকদের ভিড়। এই সুযোগে একাধিক হোটেলে শুরু হয়েছে বিশেষ অফার। মাত্র ১০১ টাকা অগ্রিম দিয়ে হোটেল বুকিং করলে মিলছে ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। অনলাইনে বুকিংয়ের সুবিধাও রয়েছে।













