বর্তমান সময়ে প্রতিদিন সোনার গয়না পরার অভ্যাস অনেকটাই কমে গেছে। বেশিরভাগ মানুষ বিশেষ অনুষ্ঠান বা উৎসব ছাড়া গয়না ব্যবহার করেন না। ফলে দীর্ঘদিন আলমারি বা লকারে পড়ে থাকায় সোনার গয়নায় ময়লা জমে যায়, অনেক সময় কালো দাগও পড়ে। তবে বাড়িতেই কয়েকটি সহজ উপায়ে এই গয়নাগুলো আবার উজ্জ্বল করে তোলা সম্ভব।
টুথপেস্টেই মিলবে সমাধান
সোনার গয়না পরিষ্কার করার অন্যতম সহজ উপায় হল সাদা টুথপেস্ট ব্যবহার করা। সামান্য টুথপেস্ট এক বা দুই চামচ জলের সঙ্গে মিশিয়ে পাতলা পেস্ট তৈরি করুন। এরপর একটি নরম টুথব্রাশের সাহায্যে গয়নার উপর আলতো করে ঘষুন। কয়েক মিনিট পরে পরিষ্কার জলে ধুয়ে একটি নরম কাপড় দিয়ে মুছে নিলে গয়না আগের মতো উজ্জ্বল হয়ে উঠবে।
বেকিং সোডা ও ভিনেগারের ব্যবহার
গয়নার কালো দাগ দূর করতে বেকিং সোডাও বেশ কার্যকর। দুই থেকে তিন চামচ গরম জলে সামান্য বেকিং সোডা মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এই পেস্ট গয়নার উপর লাগিয়ে কয়েক মিনিট রেখে দিন। এরপর সামান্য ভিনেগার দিয়ে আলতো করে পরিষ্কার করুন। শেষে পরিষ্কার জল দিয়ে ধুয়ে শুকিয়ে নিলেই গয়নার জেল্লা অনেকটাই ফিরে আসবে।
লিকুইড ডিটারজেন্টেও মিলবে ঝকঝকে ফল
সোনার গয়না পরিষ্কার করতে লিকুইড ডিটারজেন্টও ব্যবহার করা যায়। হালকা গরম জলে সামান্য ডিটারজেন্ট মিশিয়ে গয়নাগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর নরম ব্রিসলের টুথব্রাশ দিয়ে হালকা করে ঘষে পরিষ্কার করুন। শেষে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নরম কাপড় দিয়ে শুকিয়ে নিলেই গয়না হয়ে উঠবে ঝকঝকে।
অনেক সময় আলমারি বা লকারে দীর্ঘদিন পড়ে থাকার কারণে সোনার গয়নায় কালো দাগ পড়ে যায় এবং উজ্জ্বলতা কমে যায়। তবে খুব সহজ কয়েকটি ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেই আবার ফিরিয়ে আনা যায় গয়নার আগের জেল্লা।











