ঝাল, ঝোল, চাটনি কিংবা সালাদ—সব ক্ষেত্রেই সমান জনপ্রিয় টমেটো। পুষ্টিগুণে ভরপুর এই লাল টুকটুকে খাদ্য উপাদানকে আমরা সাধারণত সবজি হিসেবেই ব্যবহার করি। কিন্তু উদ্ভিদবিজ্ঞানের দৃষ্টিতে এর পরিচয় সম্পূর্ণ আলাদা। তাই টমেটো ফল না সবজি, সেই প্রশ্নের উত্তর এত সহজ নয়।
উদ্ভিদবিজ্ঞানের মতে টমেটো আসলে ফল
বিজ্ঞান বলছে, যে কোনও উদ্ভিদের ফুল থেকে উৎপন্ন হয় এবং যার মধ্যে বীজ থাকে, তাকে ফল বলা হয়। এই সংজ্ঞা অনুযায়ী টমেটো নিঃসন্দেহে একটি ফল। কারণ টমেটো গাছের ফুল থেকে তৈরি হয় এবং এর ভিতরে অসংখ্য বীজ থাকে।শুধু টমেটোই নয়, একই যুক্তিতে শসা, বেগুন, কুমড়ো এবং ক্যাপসিকামও উদ্ভিদবিজ্ঞানের ভাষায় ফলের শ্রেণিতে পড়ে।
তাহলে সবাই টমেটোকে সবজি বলে কেন?
বিজ্ঞানের ব্যাখ্যা থাকলেও দৈনন্দিন জীবনে টমেটোর ব্যবহার সম্পূর্ণ ভিন্ন। সাধারণত মিষ্টি স্বাদের ফল খাবারের শেষে বা সরাসরি খাওয়া হয়। কিন্তু টমেটো ব্যবহৃত হয় তরকারি, সালাদ, স্যুপ, সস ও বিভিন্ন নোনতা খাবারে।এই কারণেই রান্নার জগতে টমেটোকে সবজি হিসেবে ধরা হয়। অর্থাৎ ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে এটি সবজির মর্যাদা পেয়েছে।
টমেটো নিয়ে পৌঁছে গিয়েছিল মামলা আদালতে
টমেটো ফল না সবজি, তা নিয়ে একসময় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়ায়। ১৮৯৩ সালের ঐতিহাসিক ‘নিক্স বনাম হেডেন’ (Nix vs Hedden) মামলাটি ছিল টমেটোকে কেন্দ্র করে।সেই সময় আমদানিকৃত সবজির উপর শুল্ক ধার্য করা হলেও ফলের উপর কোনও শুল্ক ছিল না। এক ব্যবসায়ী দাবি করেন, টমেটো যেহেতু বৈজ্ঞানিকভাবে ফল, তাই এর উপর শুল্ক নেওয়া যাবে না।
সুপ্রিম কোর্ট কী রায় দিয়েছিল?
দীর্ঘ শুনানির পর মার্কিন সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেয়। আদালত জানায়, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে টমেটো যেভাবে ব্যবহার করা হয়, তাতে এটি সবজি হিসেবেই বিবেচিত হবে।ফলে শুল্ক সংক্রান্ত বিষয়ে টমেটোকে সবজির শ্রেণিতে রাখা হয়। সেই ঐতিহাসিক রায় আজও আলোচনার বিষয়।
দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বজয়
ইতিহাস বলছে, টমেটোর আদি নিবাস দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা অঞ্চল। বর্তমান পেরু, বলিভিয়া, ইকুয়েডর এবং চিলির বিভিন্ন এলাকায় প্রথম টমেটোর চাষ শুরু হয়।প্রথমদিকে টমেটো ছিল ছোট আকারের এবং দেখতে অনেকটা চেরি ফলের মতো। পরবর্তীতে ধীরে ধীরে এর আকার, রং ও স্বাদে পরিবর্তন আসে।
ভারতে টমেটোর আগমন কীভাবে?
১৬ শতকে পর্তুগিজ নাবিকরা প্রথম টমেটো ভারতে নিয়ে আসেন। গোয়া অঞ্চলে এর চাষ শুরু হলেও প্রথম দিকে অনেকেই টমেটো খেতে ভয় পেতেন। উজ্জ্বল লাল রঙের কারণে একে বিষাক্ত বলেও মনে করা হতো।সময়ের সঙ্গে সঙ্গে টমেটো ভারতীয় রান্নার অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। বাংলায় একসময় এর নাম ছিল ‘বিলাতি বেগুন’।
প্রতিদিনের রান্নাঘরের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান টমেটো। কিন্তু টমেটোকে ফল বলা উচিত, নাকি সবজি? এই প্রশ্ন নিয়ে শুধু সাধারণ মানুষের মধ্যেই নয়, একসময় আদালতেও তর্ক-বিতর্ক পৌঁছে গিয়েছিল। বিজ্ঞানের ব্যাখ্যা এবং আদালতের রায়—দুইয়ের মধ্যে রয়েছে চমকপ্রদ পার্থক্য।













