২ অক্ষরের নাম, সৌন্দর্যে মোহিত করে—ভারতের এখানেই প্রথম সূর্যোদয়, নাম জানলে অবাক হবেন

ভারতের কোথায় প্রথম সূর্য ওঠে? জানুন অরুণাচল প্রদেশের ডং গ্রাম, দেশের প্রথম সূর্যোদয়, ট্রেকিং রুট ও পর্যটন আকর্ষণ সম্পর্কে বিস্তারিত।

India Tourism: নানা বৈচিত্রে ভরা ভারতবর্ষ। পাহাড়, সমুদ্র, মরুভূমি—প্রতিটি প্রান্তেই লুকিয়ে রয়েছে আলাদা চমক। কিন্তু জানেন কি, ভারতের কোথায় প্রথম সূর্য ওঠে? কোন জায়গাটি সবার আগে সূর্যরশ্মির স্পর্শ পায়? উত্তর লুকিয়ে রয়েছে উত্তর-পূর্ব ভারতের এক ছোট্ট গ্রামে।

ভারতের প্রথম সূর্যোদয়ের ঠিকানা কোথায়?

ভারতের প্রথম সূর্যোদয় হয় অরুণাচল প্রদেশের ডং গ্রামে। দেশের পূর্বতম প্রান্তে অবস্থিত এই গ্রামটি চিন ও মায়ানমার সীমান্তের কাছাকাছি। ভৌগোলিক অবস্থানের কারণেই ডং গ্রাম দেশের অন্য যে কোনও জায়গার আগে সূর্যোদয়ের সাক্ষী হয়।

দুই অক্ষরের নাম, ইতিহাসে বিশেষ স্থান

মাত্র দু’টি অক্ষরের নাম—ডং। ছোট নাম হলেও এর গুরুত্ব বিশাল। ১৯৯৯ সালে প্রথম বৈজ্ঞানিকভাবে নিশ্চিত করা হয় যে, ভারতের দিনের প্রথম আলো এখানেই ফোটে। এখান থেকে সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ে দেশের অন্যান্য অংশে।

এক ঘণ্টা আগেই সকাল

ডং গ্রামে সাধারণত ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় প্রায় এক ঘণ্টা আগে সূর্য ওঠে। শীতকালে ভোর প্রায় ৫টা ৫৪ মিনিটে সূর্যোদয় হয় এবং সূর্য অস্ত যায় বিকেল সাড়ে ৪টের মধ্যেই। এই ভিন্ন সময়চক্র ডং গ্রামকে আরও বিশেষ করে তুলেছে।

পাহাড়, নদী আর অপার সৌন্দর্য

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১,২০৪ মিটার উচ্চতায় অবস্থিত ডং গ্রাম। এখানেই ব্রহ্মপুত্র নদের উপনদী লোহিত ও সতীর সংগম। চারপাশে পাহাড়, কুয়াশা, ঘন সবুজ বন—সব মিলিয়ে প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য।

ট্রেকিং ও পর্যটনের স্বর্গ

ডং গ্রামে পৌঁছাতে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ ট্রেক করতে হয়। ট্রেকটি কিছুটা কঠিন হলেও, পথে হিমালয়ের শৃঙ্গ, নদীর কলকল ধ্বনি আর ভোরের আলোয় পাহাড়ের রং বদলের দৃশ্য ভ্রমণপিপাসুদের মুগ্ধ করে। প্রথম সূর্যোদয় দেখার টানে এখন দেশ-বিদেশের পর্যটকেরা এখানে ভিড় করছেন।

ভারতের মানচিত্রে এমন একটি গ্রাম রয়েছে, যেখানে দেশের প্রথম সূর্যরশ্মি পড়ে। মাত্র দুই অক্ষরের নামের সেই গ্রামটি অরুণাচল প্রদেশের ডং। প্রকৃতি, ট্রেকিং আর সূর্যোদয়ের অনন্য অভিজ্ঞতার জন্য এটি এখন জনপ্রিয় পর্যটন গন্তব্য।

Leave a comment